একেএম ফজলুল হক: তিন দিনের ব্যবধানে ডেঙ্গু ও হামের উপসর্গে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন চট্টগ্রামের মোহাম্মদ কবীর ও আমেনা বেগম দম্পতি। বড় ছেলে মোহাম্মদ আরাফাতের মৃত্যুর শোক কাটতে না কাটতেই মারা গেছে ১০ মাস বয়সী ছোট ছেলে আবু বক্কর আরব। দুই সন্তানকে হারিয়ে নিঃসন্তান হয়ে পড়া পরিবারটিতে এখন শুধুই শোক আর মাতম। সন্তান হারানোর শোকে মানসিকভাবে ভেঙে পড়েছেন মা আমেনা বেগম। স্বামীকেও চিনতে পারছেন না তিনি।
সোমবার (৯ নভেম্বর) গভীর রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের মা-শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরব। এর আগে গত শুক্রবার ডেঙ্গু ও হামের উপসর্গে মারা যায় তার ১০ বছর বয়সী বড় ভাই আরাফাত।
সোমবার সকালে বাবা মোহাম্মদ কবীরের কোলে চড়ে হিলভিউ ১ নম্বর সড়কের বাসায় ফেরে আরবের নিথর দেহ। সঙ্গে ছিলেন কবীরের মা রহিমা বেগম। স্ত্রী আমেনা তখন তাঁর বোনের বাসায় ছিলেন। ছেলেকে শেষবারের মতো দেখতে তাঁকে ডেকে আনা হয়। কিন্তু সাদা কাপড়ে মোড়ানো সন্তানের মরদেহের কাছে যেতে পারছিলেন না তিনি। বারবার সরে যাচ্ছিলেন, অসংলগ্ন আচরণ করছিলেন।
কবীর বলেন, ‘আমার স্ত্রী পাগল হয়ে গেছেন। আরবকে আনার পর তাঁকে ডেকে আনা হয়। কিন্তু তিনি বারবার পালিয়ে যাচ্ছেন। বলছেন, এখানে কেউ আছে। আমাকেও চিনতে পারছেন না। একসঙ্গে দুই সন্তান হারানোর পর কার মাথা ঠিক থাকে, বলেন?’
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বড় ছেলে আরাফাতের জ্বর হয়। প্রথমে বাসায় চিকিৎসা চললেও পরে তাকে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাউর্দান হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় ইমপেরিয়াল হাসপাতালে। আর্থিক সংকটের কারণে সেখানে চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে পরে তাকে মা-শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বড় ভাইয়ের কয়েক দিন পর অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে আরবও। তাকে সাউর্দান ও মেরিন সিটি হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয় মা-শিশু জেনারেল হাসপাতালে। দুই ভাইয়ের একই হাসপাতালে চিকিৎসা চলছিল। এর মধ্যে গত শুক্রবার সকালে মারা যায় আরাফাত। ওই দিন বিকেলে পাঁচলাইশের মোমেনবাগ আবাসিক এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
বড় ছেলের দাফন শেষে হাসপাতালে ছোট ছেলের কাছে ছুটে যান কবীর। তখন আরব নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে। সোমবার আরাফাতের পাশেই দাফন করা হয় আরবকে।
কবীর একটি ওষুধ কোম্পানিতে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। তাঁর বাড়ি ময়মনসিংহে। দুই সন্তানের চিকিৎসায় চার লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। এ জন্য ধারদেনাও করতে হয়েছে তাঁকে। সন্তান হারানোর শোকের সঙ্গে এখন যুক্ত হয়েছে স্ত্রীর মানসিক বিপর্যয়। বড় ছেলের মৃত্যুর পর থেকেই আমেনা চুপচাপ হয়ে গিয়েছিলেন। হাসপাতালে আর যাননি; মাঝেমধ্যে কাঁদতেন। ছোট ছেলেকেও হারানোর পর তিনি একেবারেই ভেঙে পড়েছেন। বর্তমানে বোনের বাসায় থাকছেন।
কবীরের কণ্ঠে এখন শুধুই অসহায়ত্ব। তিনি বলেন, ‘এখন আর বেঁচে থেকে কী হবে? আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল।’
পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল আরাফাত। দুই সন্তানকে ঘিরেই ছিল কবীর ও আমেনার সব স্বপ্ন। কয়েক দিনের অসুস্থতায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
সানা/আপ্র/৯/১১/২০২৬