গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

চার প্রাণের মর্মান্তিক পরিণতি, প্রশ্নের মুখে নিরাপত্তার ভিত

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ০১:০১ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৪ এএম ২০২৬
চার প্রাণের মর্মান্তিক পরিণতি, প্রশ্নের মুখে নিরাপত্তার ভিত
ছবি

ফাইল ছবি

রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও কিশোর ছেলে আয়ুশের নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের হৃদয়বিদারক পরিণতি নয়; এটি নাগরিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও অপরাধ তদন্তের সক্ষমতা নিয়ে গভীর প্রশ্নও সামনে এনেছে। যে বাড়িটি ছিল দীর্ঘ জীবনের সঞ্চয়, স্বপ্ন ও নিরাপদ আশ্রয়ের প্রতীক, সেই বাড়িতেই এক রাতে নিভে গেল চারটি প্রাণ। পড়ে রইল একটি অসমাপ্ত বাড়ি, আর স্বজনদের জন্য অসহনীয় শূন্যতা।

পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত। ইতোমধ্যে দুই যুবককে আটক করা হয়েছে এবং পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, খেজুরের বিচি, অর্ধেক খাওয়া শসা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এসব আলামতের সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্ত করার কথাও বলা হয়েছে।

তবে এখানেই তদন্তের শেষ নয়; বরং প্রকৃত তদন্তের শুরু। হত্যায় কারা জড়িত-এই প্রশ্নের উত্তরকে অতিসরল কোনো সমীকরণে নামিয়ে আনা যেমন বিপজ্জনক, তেমনি আগেভাগে একটি নির্দিষ্ট বয়ানকে চূড়ান্ত সত্য হিসেবে প্রতিষ্ঠা করাও অনুচিত। অতীতে বহুল আলোচিত ‘জজ মিয়া’ নাটক আমাদের মনে করিয়ে দেয়, তদন্তের সাফল্য কেবল দ্রুত আসামি শনাক্ত করার মধ্যে নয়; বরং প্রকৃত অপরাধী, প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটনের মধ্যেই নিহিত।

এই ঘটনায় বিশেষভাবে খতিয়ে দেখা প্রয়োজন-চারজনকে হত্যার পরও সন্দেহভাজনরা কেন দীর্ঘ সময় বাড়ির ভেতরে অবস্থান করল, কীভাবে তারা গোসল করল, খাবার খেল এবং মাদক সেবন করল, কীভাবে আলামত নষ্টের চেষ্টা করল, কেন ঘরের মালামাল ছড়িয়ে ডাকাতির আবহ তৈরি করা হলো এবং স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যই বা কী ছিল। একই সঙ্গে হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, পরিকল্পনার পেছনে আরো কোনো উদ্দেশ্য ছিল কি না, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করতে হবে।

ঘটনাটি আমাদের আইনশৃঙ্খলার বিপন্ন অবস্থার কথাও স্পষ্ট করে। একটি পরিবারের চার সদস্যকে হত্যা করে অপরাধীরা যদি দীর্ঘ সময় ঘটনাস্থলে অবস্থান করতে পারে, তবে প্রশ্ন উঠবেই-অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি ও স্থানীয় নিরাপত্তাব্যবস্থার কোথায় দুর্বলতা ছিল? মাদকের বিস্তার, অপরাধীদের বেপরোয়া মানসিকতা এবং অপরাধের পর আলামত নষ্টের সক্ষমতা-সবকিছুকেই একই সঙ্গে দেখতে হবে।

এখন সবচেয়ে প্রয়োজন রাজনৈতিক দোষারোপের পুরোনো সংস্কৃতি পরিহার করে আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা। প্রতিটি ভয়াবহ অপরাধের পর বিগত সরকারের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেওয়া সহজ; কিন্তু রাষ্ট্র পরিচালনার প্রকৃত সাফল্য হলো বর্তমানের দুর্বলতা শনাক্ত করে তা দূর করা। নাগরিকের নিরাপত্তা কোনো দল, সরকার বা সময়ের একক দায় নয়-এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

তাই এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নির্ভুল তদন্ত। জনমতের আবেগ নয়, প্রমাণই নির্ধারণ করুক অপরাধীর পরিচয়। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার কোনো প্রকৃত অপরাধীও যেন তদন্তের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারেন। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি এবং তদন্ত ব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে নিরাপদ সমাজ।

গণপতি চক্রবর্তীর পরিবারের জন্য ন্যায়বিচার তাই শুধু চারটি প্রাণের বিচারের দাবি নয়; এটি রাষ্ট্রের প্রতি মানুষের আস্থারও পরীক্ষা। সেই পরীক্ষায় সফল হওয়ার একমাত্র পথ-সত্য উদঘাটন, দায় নির্ধারণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা। 
সানা/আপ্র/২৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাময়িক স্বস্তি নয়, চাই টেকসই জ্বালানি নিরাপত্তা
২৪ আগস্ট ২০২৬

সাময়িক স্বস্তি নয়, চাই টেকসই জ্বালানি নিরাপত্তা

দেশের গ্যাস-সংকটে নতুন এলএনজি কার্গো এসে সাময়িক স্বস্তির বার্তা দিয়েছে। মহেশখালীর এক্সিলারেট টার্মি...

নতুন রাষ্ট্রপতি, নতুন প্রত্যাশায় বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতি, নতুন প্রত্যাশায় বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রজীবনে যুক্ত হলো একটি নতুন অধ্যায়। দীর্ঘ সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বা...

অপুষ্টির অন্ধকারে হামের ভয়াবহ ছোবল
২২ আগস্ট ২০২৬

অপুষ্টির অন্ধকারে হামের ভয়াবহ ছোবল

বাংলাদেশে হাম এখন আর কেবল একটি সংক্রামক রোগের নাম নয়; এটি জনস্বাস্থ্য ব্যবস্থার গভীরে থাকা একাধিক দু...

আধুনিক ও তথ্যসমৃদ্ধ নৌ খাত গড়তে শুমারির সফলতা কাম্য
২০ আগস্ট ২০২৬

আধুনিক ও তথ্যসমৃদ্ধ নৌ খাত গড়তে শুমারির সফলতা কাম্য

নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি, যোগাযোগ ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে নৌপথের সম্পর্ক অবিচ্ছেদ্য। কিন্তু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে