ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকারি কাজে বাধা, হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার (১ অক্টোবর) ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ফ্লাইটে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরে আগমনী যাত্রীর বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহের দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। এ সময় কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন বলে এজাহারে বলা হয়েছে।
পরে লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করতে থাকেন। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। তিনি সেখানে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং রূঢ় ও অশালীন ভাষায় কথা বলেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, নির্বাহী পরিচালক অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রলি ব্যবস্থাপনা সম্পর্কে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও আখতারুজ্জামান আরো উত্তেজিত হয়ে তাঁকে মারধর এবং ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাঁকে নির্বাহী পরিচালককে উদ্দেশ করে ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দিতে এবং বিমানবন্দরের কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
পরিস্থিতির অবনতি ঠেকাতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন নির্বাহী পরিচালককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে আখতারুজ্জামান উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বিমানবন্দরে বেঁধে মারধর করার এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্পর্কে তিনি অবমাননাকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী সংরক্ষিত এলাকায় ঘটনার ভিডিও ধারণ করছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁদের ভিডিও ধারণে বাধা দেন। এ সময় আখতারুজ্জামান তাঁকে গালিগালাজ এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি সিসিটিভির আওতাভুক্ত ছিল না বলে এজাহারে উল্লেখ করে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে তা প্রমাণের কথা বলা হয়েছে।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তাঁর সঙ্গেও আখতারুজ্জামান অশোভন ও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময় সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুড়ে ফেলার অভিযোগও রয়েছে।
এদিকে জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে জমজমের পানির কনটেইনার সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছাতে না পারার পেছনে কনটেইনার নামানো এবং পরিচালনাগত গাফিলতির বিষয় উঠে এসেছে।
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এর আগে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জুনে কটিয়াদী আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর ছোট ভাই আনিসুজ্জামান খোকন প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সানা/আপ্র/২/১০/২০২৬