গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৮ এএম ২০২৬
৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা
ছবি

ছবি সংগৃহীত

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি শ্রেণিতে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার ডলার পর্যন্ত শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। প্রতি ডলার ১২৪ টাকা ধরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ভাতার পরিমাণ দাঁড়ায় ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা।

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন আদেশে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। মিশনের অবস্থান ও শিক্ষাব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ ‘ক’: সর্বোচ্চ ৪৭ লাখ ৩৪ হাজার টাকা

গ্রুপ ‘ক’-এর অন্তর্ভুক্ত ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ ‘ক’-তে রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং, চীন; সিউল, দক্ষিণ কোরিয়া; টোকিও, জাপান; হংকং, চীন; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা, কাতার; এবং ইউরোপের ব্রাসেলস, বেলজিয়াম; জেনেভা, সুইজারল্যান্ড; হেগ, নেদারল্যান্ডস; স্টকহোম, সুইডেন; ওয়ারশ, পোল্যান্ড; ভিয়েনা, অস্ট্রিয়া; মিলান, ইতালি; প্যারিস, ফ্রান্স ও মস্কো, রাশিয়ার বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘খ’: দুই সন্তানের জন্য প্রায় ৪০ লাখ টাকা

গ্রুপ ‘খ’-এর ৪১টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক—দুই পর্যায়েই একই সীমা নির্ধারণ করা হয়েছে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার বা ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা শিক্ষাভাতা পাওয়া যাবে।

এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুমের বাংলাদেশ মিশন।

এ ছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, স্পেনের মাদ্রিদ, ইতালির রোম, রোমানিয়ার বুখারেস্ট, তুরস্কের ইস্তাম্বুল ও আংকারা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস, কানাডার অটোয়া ও টরন্টো, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশনও এই শ্রেণিতে রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী মিশনও তালিকায় অন্তর্ভুক্ত।

গ্রুপ ‘গ’: দুই সন্তানের জন্য প্রায় ৩৫ লাখ টাকা

গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার বা ৩৪ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই গ্রুপে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর; হ্যানয়, ভিয়েতনাম; ম্যানিলা, ফিলিপাইন; বন্দরসেরি বেগাওয়ান, ব্রুনাই; দক্ষিণ এশিয়ার চেন্নাই, ভারত ও মালে, মালদ্বীপ; মধ্যপ্রাচ্যের বৈরুত, লেবানন; মানামা, বাহরাইন; কায়রো, মিসর; তেহরান, ইরান; আফ্রিকার নাইরোবি, কেনিয়া; প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; আলজিয়ার্স, আলজেরিয়া; ত্রিপোলি, লিবিয়া; ফ্রিটাউন, সিয়েরা লিওন; এবং ইউরোপের এথেন্স, গ্রিস; কোপেনহেগেন, ডেনমার্ক; বার্লিন, জার্মানি ও লিসবন, পর্তুগালের বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘ঘ’: তুলনামূলক কম শিক্ষাভাতা

গ্রুপ ‘ঘ’-এর নয়টি মিশনে শিক্ষাভাতার সীমা তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ডলার বা ২৫ লাখ ৫৩ হাজার ৮৯০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।

শিক্ষাভাতা পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত

শিক্ষাভাতার অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রজ্ঞাপনে কয়েকটি কঠোর শর্ত বহাল রাখা হয়েছে এবং নতুন কিছু শর্ত যুক্ত করেছে অর্থ বিভাগ। শর্ত অনুযায়ী, সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ সরকার নির্ধারিত সীমার মধ্যে শিক্ষাভাতা হিসেবে দেবে। তবে সরকারের দেওয়া ভাতার পরিমাণ কোনোভাবেই সংশ্লিষ্ট শ্রেণির নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না।

একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ কোনো কর্মকর্তা বা কর্মচারীর দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্যই ভাতা প্রযোজ্য হবে।

শিক্ষাভাতার অর্থ কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর নিজস্ব ব্যাংক হিসাবে দেওয়া যাবে না। ব্যাংকিং ব্যবস্থা, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর কিংবা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে এ অর্থ পাঠাতে হবে।

তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদেয় অর্থের পুরোটা একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে উপযুক্ত প্রমাণপত্র দাখিল এবং নিজের ব্যক্তিগত অংশের ১৫ শতাংশ মিশনের নির্ধারিত হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দেওয়ার শর্তে মিশন কর্তৃপক্ষ সম্পূর্ণ ফি পরিশোধ করতে পারবে।

পাশাপাশি যেসব অ-ইংরেজিভাষী দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজি ভাষায় পড়াশোনার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিজ কর্মস্থলের দেশ বাদ দিয়ে অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করলে তাঁদের শিক্ষাভাতা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের অনুমোদিত সীমা অনুযায়ী প্রযোজ্য হবে।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের
২২ নভেম্বর ২০২৬

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবা...

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
২২ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হ...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ নভেম্বর ২০২৬

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (...

জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই