গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৬ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৫ এএম ২০২৬
জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে দলগুলোর সঙ্গে পৃথক বৈঠক ও মতবিনিময় শুরু হতে পারে। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুসংহত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্ষমতাসীন বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

তবে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বাইরে থাকায় তাঁদের দেশে ফেরার বিষয়টিও সংলাপের সময়সূচি নির্ধারণে বিবেচনায় রাখা হচ্ছে।

জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। গত ১৩ নভেম্বর তিনি যুক্তরাজ্য সফরে যান। অন্যদিকে, গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন শফিকুর রহমান। সেখান থেকে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা।

তবে শফিকুর রহমানের ফেরার আগেই সংলাপ শুরু হতে পারে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো এমন তথ্য দিলেও আনুষ্ঠানিকভাবে এখনো সময়সূচি ঘোষণা করা হয়নি।

এদিকে, এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে তাঁর দল ইতিবাচকভাবে দেখছে। তবে এই ঐক্য যেন ধারাবাহিক হয়, সেটি নিশ্চিত করা জরুরি।

গতকাল শনিবার তিনি বলেন, ‘এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা স্বাভাবিক রাজনৈতিক জোট দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের ভিত্তিমূলও থাকা জরুরি।’

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংলাপ আয়োজনের বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ এখনই গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। বিএনপির উচ্চপর্যায়ের দুজন নেতা জানিয়েছেন, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সংলাপের বিষয়ে তাঁরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। তাঁদের একজনের ভাষ্য, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

নাশকতার প্রেক্ষাপটে ঐক্যের উদ্যোগ
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের একাধিক স্থাপনায় হামলা এবং গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হয়েছে।

এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে পুলিশ। বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার অনেক ঘটনার ভিডিও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে এই গোষ্ঠীকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।

ওই দিন সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন।

পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় বিরোধী জোট জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিকভাবে সাধুবাদ জানায়।

এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে জামায়াতে ইসলামী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বায়কের বিষয়ে বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় বাস্তবায়ন।

বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সংসদের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার যে আহ্বান জানিয়েছিলেন, বর্তমান সংলাপের উদ্যোগ তারই ধারাবাহিকতা। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা
২২ নভেম্বর ২০২৬

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্ন...

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের
২২ নভেম্বর ২০২৬

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবা...

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
২২ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হ...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ নভেম্বর ২০২৬

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই