সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট সাত ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে কমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। এরপর পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সর্বশেষ সপ্তম ধাপে ২৭ মে ভোটগ্রহণ করা হবে।
প্রথম ধাপের কর্মপরিকল্পনা সম্পর্কে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের এ দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে। এসব সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে গ্রহণ করেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে নির্বাচন কমিশন।
এসি/আপ্র/১৪/০৯/২০২৬