প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল পরিমাণ খোসা জমে, যার বেশিরভাগই শেষ পর্যন্ত ডাস্টবিনে যায়। তবে একটু সচেতন হলে রান্নাঘরের এই বর্জ্যও নানা কাজে ব্যবহার করা সম্ভব।
রান্নার স্বাদ বাড়ানো থেকে শুরু করে কম্পোস্ট তৈরি এবং কাপড়ে প্রাকৃতিক রং তৈরির মতো কাজেও পেঁয়াজের খোসা ব্যবহার করা যায়। এতে একদিকে রান্নাঘরের বর্জ্য কমে, অন্যদিকে পাওয়া যায় পরিবেশবান্ধব কিছু বিকল্প ব্যবহারের সুযোগ।
স্টক ও স্যুপে বাড়তি স্বাদ
সবজি বা মুরগির স্টক তৈরির সময় পরিষ্কার পেঁয়াজের খোসা ব্যবহার করা যেতে পারে। মাংস বা সবজির সঙ্গে খোসা দিয়ে সিদ্ধ করলে স্টকের রং ও স্বাদে সামান্য পরিবর্তন আসতে পারে। রান্না শেষে স্টক ছেঁকে নিলেই খোসাগুলো আলাদা হয়ে যাবে।
স্যুপ তৈরির সময়ও একই পদ্ধতি অনুসরণ করা যায়। সবজি বা মাংস সিদ্ধ করার সময় কয়েকটি পরিষ্কার পেঁয়াজের খোসা দিয়ে পরে স্যুপ ছেঁকে নিলে খোসা বাদ যাবে, কিন্তু এর স্বাদের প্রভাব কিছুটা পাওয়া যেতে পারে।
ডাল-তরকারিতে ব্যবহার
ডাল রান্নার সময় অল্প পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া যায়। রান্না শেষ হওয়ার আগে খোসাগুলো তুলে ফেলতে হবে। কিছু ঝোল বা তরকারিতেও একইভাবে ব্যবহার করা সম্ভব।
তবে প্রথমবার বেশি পরিমাণে খোসা ব্যবহার না করে অল্প দিয়ে শুরু করাই ভালো। এতে রান্নার স্বাদ ও রং পছন্দ অনুযায়ী হয়েছে কি না, তা সহজেই বোঝা যাবে।
পোলাওয়ে ভিন্ন স্বাদ ও রং
পোলাও বা হার্ব রাইস তৈরির সময় চাল সিদ্ধ করার পানিতে পরিষ্কার পেঁয়াজের খোসা দেওয়া যেতে পারে। এতে চালের রঙে হালকা পরিবর্তন এবং সামান্য সুগন্ধ আসতে পারে। চাল রান্না হয়ে গেলে খোসাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে।
কম্পোস্ট তৈরিতে
রান্নায় ব্যবহার করতে না চাইলে পেঁয়াজ ও রসুনের খোসা কম্পোস্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। খোসাগুলো ছোট ছোট করে কেটে রান্নাঘরের অন্যান্য জৈব বর্জ্য ও শুকনো পাতার সঙ্গে মিশিয়ে কম্পোস্ট করা সম্ভব।
তবে খোসা সরাসরি গাছের গোড়ায় ফেলে দিলেই তা সার হয়ে যাবে—এমন নয়। ভালো মানের কম্পোস্ট তৈরির জন্য সঠিক কম্পোস্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে।
গাছের পরিচর্যায় খোসার পানি
পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে সেই পানি গাছে দেওয়ার প্রচলন রয়েছে। পরিষ্কার খোসা কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে পরে ছেঁকে নেওয়া যায়। তবে এটি গাছের নিয়মিত পরিচর্যার বিকল্প নয়। অতিরিক্ত ব্যবহার না করে পরিমিতভাবে ব্যবহার করাই ভালো।
প্রাকৃতিক রং তৈরিতে
শুকনো পেঁয়াজের খোসা ঘরোয়া কারুশিল্পেও কাজে লাগানো যায়। বিশেষ করে কাপড়ে হলুদ, সোনালি বা বাদামি ধরনের প্রাকৃতিক রং তৈরিতে পেঁয়াজের খোসা ব্যবহার করা সম্ভব।
রসুনের খোসা এ ধরনের কাজে পেঁয়াজের খোসার তুলনায় কম প্রচলিত। তাই পেঁয়াজ ও রসুনের খোসা একসঙ্গে ব্যবহার করার আগে নির্দিষ্ট কাজের উপযোগিতা সম্পর্কে জেনে নেওয়া ভালো।
ব্যবহারের আগে সতর্কতা
সব ধরনের খোসা ব্যবহার করা নিরাপদ নয়। রান্নায় ব্যবহারের জন্য পচা, ছত্রাকধরা, অতিরিক্ত ময়লাযুক্ত বা নষ্ট খোসা নেওয়া উচিত নয়। ভালো অবস্থায় থাকা খোসা পরিষ্কার করে ব্যবহার করতে হবে।
পেঁয়াজের খোসা রান্নায় তুলনামূলক বেশি ব্যবহৃত হলেও রসুনের খোসার ব্যবহার কম প্রচলিত। তাই রসুনের খোসা পেঁয়াজের খোসার মতো সব রান্নায় ব্যবহার না করে প্রয়োজন ও রান্নার ধরন বুঝে ব্যবহার করাই ভালো।
সংরক্ষণের নিয়ম
খোসা পরে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে চাইলে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো ও পরিষ্কার পাত্রে রাখা যায়। চাইলে শুকনো খোসা গুঁড়া করেও সংরক্ষণ করা সম্ভব।
সংরক্ষণের সময় আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। পাত্রে পানি বা ভেজাভাব ঢুকলে ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে। তাই শুকনো পাত্র ব্যবহার করা এবং খোসা বের করার সময় শুকনো হাত ব্যবহার করা জরুরি।
প্রতিদিন রান্নার পর ডাস্টবিনে ফেলার আগে পেঁয়াজ-রসুনের খোসাকে নতুনভাবে কাজে লাগানোর কথা ভাবা যেতে পারে। সঠিকভাবে ব্যবহার করলে রান্নাঘরের এই বর্জ্য রান্না, বাগান কিংবা সৃজনশীল কাজের ছোট কিন্তু কার্যকর উপকরণ হয়ে উঠতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসি/আপ্র/০৮/০৯/২০২৬