ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে বলেছেন, যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনা হলে নারীদের বিরুদ্ধে কিছু ধরনের অপরাধ কমানো সম্ভব হতে পারে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনার সময় এ মন্তব্য করেন তিনি।
বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকা পুনমের মতে, বর্তমানে অনেক পুরুষ মানসিক চাপে রয়েছেন। যৌনকর্মকে বৈধতা দিয়ে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি।
পডকাস্টে নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ মনে করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, বরং তিনি এটিকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে দেখেন।
পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই বিবেচনা করেন।
সমালোচকদের উদ্দেশে পুনম বলেন, যারা প্রকাশ্যে তার কাজের সমালোচনা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে তার ভিডিও দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও মন্তব্য করেন।
তার এসব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, আলোচনায় থাকার কৌশল হিসেবেই এমন মন্তব্য করেছেন তিনি।
এর আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
নতুন এই মন্তব্যের মধ্য দিয়ে আবারো আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।
এসি/আপ্র/০৮/০৯/২০২৬