বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থান নিয়েও আলোচনা হবে।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক হবে। দুই প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান তারেক রহমান। মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন তাকাইচি। এরপর দুই নেতার নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া প্রতিনিধি দলে থাকবেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর জাপান সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। গত ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, কৃষি, মৎস্যসম্পদ খাতে সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারের আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের আলোচনা চলছে।
তিনি বলেছিলেন, “আমরা আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছি, আমরা আশা করছি এর মধ্যে তিন-চারটি স্বাক্ষরিত হবে।”
দ্বিপক্ষীয় বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সানা/আপ্র/২৭/১০/২০২৬