স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। মঞ্চে দাঁড়ালে তার মনে হতো, যেন মৃত্যুর মুখোমুখি হয়েছেন। সময়ের সঙ্গে সেই ভয় কাটিয়ে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বড় আয়োজনে সংগীত পরিবেশন করছেন ভারতের এই খ্যাতিমান সুরকার।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মঞ্চে গান পরিবেশনের শুরুর দিকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রহমান। তিনি বলেন, ‘একসময় মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হতো, যেন মৃত্যুকে দেখছি।
আমি ভীষণ ভয় পেতাম!’ ১৯৯৬ সালে মালয়েশিয়ায় প্রথম সরাসরি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল রহমানের এই যাত্রা। এরপর পেরিয়ে গেছে প্রায় তিন দশক। বর্তমানে যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে সংগীত পরিবেশনার পাশাপাশি ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর মতো বড় আয়োজনেও অংশ নিচ্ছেন তিনি।
রহমান জানান, স্টুডিওতে তৈরি সংগীতকে মঞ্চে পরিবেশনের উপযোগী করে তোলা সহজ ছিল না। তার সংগীতের ধরন ছিল স্বতন্ত্র। ফলে মঞ্চে অন্য শিল্পীদের পক্ষে সুরের বিশেষত্ব বুঝে তা যথাযথভাবে পরিবেশন করতে সময় লেগেছে।
এ প্রসঙ্গে রহমান বলেন, ‘আমার সংগীতের ধরন এতটাই আলাদা ছিল যে মঞ্চে থাকা শিল্পীদের জন্য তা নিজেদের মতো করে পরিবেশন করা কঠিন ছিল।’ সুরের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে তাতে নতুন কিছু যোগ করতে পারবেন, এমন উপযুক্ত সংগীতশিল্পী খুঁজে পাওয়াও ছিল গুরুত্বপূর্ণ।
রহমানের ভাষ্য, কয়েক মাসের পরিশ্রমে তৈরি সংগীত যেন মঞ্চে পরিবেশনের সময় নষ্ট না হয়, বরং নতুন মাত্রা পায়- সেটিই নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। এ কারণে উপযুক্ত শিল্পী খুঁজে পেতেও সময় লেগেছে।
এদিকে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অংশ হিসেবে ভারতের মুম্বাই ও দিল্লিতে দর্শকদের সামনে হাজির হওয়ার কথা রয়েছে রহমানের। আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন এবং ২১ নভেম্বর দিল্লির ব্যাকইয়ার্ড স্পোর্টস ক্লাবে সংগীত পরিবেশন করবেন তিনি।
তিন ঘণ্টার এই আয়োজনে নব্বইয়ের দশকের জনপ্রিয় সুরের পাশাপাশি থাকবে তার সাম্প্রতিক সময়ের সংগীতও।অন্যদিকে, রহমানের পরবর্তী কাজের তালিকায় রয়েছে ‘রামায়ণ’।
এই সিনেমায় প্রথমবারের মতো হলিউডের সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করেছেন তিনি। আগামী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডিসি/আপ্র/২৬/১০/২০২৬