গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

হানি ট্র্যাপে অর্থ খোয়ানোসহ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন ভুক্তভোগীরা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০১ এএম ২০২৬
হানি ট্র্যাপে অর্থ খোয়ানোসহ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন ভুক্তভোগীরা
ছবি

ছবি সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে অপরাধের কৌশল যেমন দ্রুত পরিবর্তিত হচ্ছে, তেমনি নতুন রূপে আবির্ভাব ঘটছে ‘হানি ট্র্যাপ’ বা ভালোবাসার ফাঁদের মতো ভয়ঙ্কর প্রতারণা। এটি নিছক ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার ঘটনা নয়; বরং এর পেছনে লুকিয়ে থাকে ব্ল্যাকমেইল, তথ্য চুরি, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের মতো গুরুতর উদ্দেশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের কয়েকদিনের মধ্যেই ঘনিষ্ঠতা। এরপর দেখা করার প্রস্তাব। কখনো ভিডিও কলে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড, কখনো নির্জন স্থানে ডেকে নেওয়া আবার কখনো সম্পর্কের অভিনয় করে অর্থ আদায়। এর শিকার হচ্ছে বিভিন্ন বয়স ও পেশার মানুষ। ভুক্তভোগীরা অর্থ হারানোর পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর, ব্ল্যাকমেইল, ও শারীরিক ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। এ বিষয় নিয়েই এবারের লাইফস্টাইল পাতার প্রধান ফিচার

হানি ট্র্যাপের মূল অস্ত্র প্রযুক্তি নয়, মানুষের আবেগ। বিশ্বাস, আকর্ষণ, একাকীত্ব কিংবা গোপনীয়তার সুযোগ নিয়েই অপরাধীরা ফাঁদ তৈরি করে।

হানি ট্র্যাপ কী: হানি ট্র্যাপ বলতে এমন একটি কৌশলকে বোঝায়- যেখানে কোনো ব্যক্তি বা চক্র ইচ্ছাকৃতভাবে রোমান্টিক বা ঘনিষ্ঠ সম্পর্কের ভান করে অন্য কাউকে প্রতারণা, ব্ল্যাকমেইল, চাঁদাবাজি বা অন্য অপরাধের ফাঁদে ফেলে। এটি অনলাইনে যেমন ঘটতে পারে, তেমনি সরাসরি সাক্ষাতের মাধ্যমেও হতে পারে।

যেভাবে ফাঁদ পাতে অপরাধীরা: হানি ট্র্যাপের ধরন ভিন্ন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু সাধারণ কৌশল দেখা যায়। তার হলো-

দ্রুত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা: পরিচয়ের অল্প সময়ের মধ্যেই কেউ যদি অতিরিক্ত আগ্রহ দেখায়, ব্যক্তিগত তথ্য জানতে চায় বা আবেগীয় সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।

ব্যক্তিগত ছবি বা ভিডিও চাওয়া: অনেক প্রতারক প্রথমে বিশ্বাস অর্জন করে। পরে ব্যক্তিগত ছবি, ভিডিও বা ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে রাখে। এরপর সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়।

নির্জন স্থানে দেখা করার প্রস্তাব: কিছু ক্ষেত্রে ভুক্তভোগীকে নির্জন জায়গা, হোটেল বা ভাড়া বাসায় ডাকা হয়। সেখানে আগে থেকেই অপেক্ষা করে থাকে একটি চক্র।

আর্থিক সাহায্য চাওয়া: সম্পর্কের নামে হঠাৎ আর্থিক সংকট, অসুস্থতা বা জরুরি প্রয়োজনের গল্প বলে অর্থ চাওয়া হানি ট্র্যাপের পরিচিত কৌশলগুলোর একটি।

কীভাবে বোঝা যাবে ঝুঁকি রয়েছে: খুব দ্রুত আবেগীয় সম্পর্ক তৈরি করার চেষ্টা; পরিচয় যাচাই করতে অনীহা; ভিডিও কলে মুখ দেখাতে না চাওয়া; বারবার ব্যক্তিগত ছবি বা ভিডিও চাওয়া; পরিচয়ের তুলনায় অস্বাভাবিক মাত্রায় আগ্রহ দেখানো; সম্পর্ককে গোপন রাখার অনুরোধ; হঠাৎ অর্থ বা আর্থিক সহায়তা চাওয়া। এসব লক্ষণ দেখলেই ব্যক্তি অপরাধী- এমন নয়। তবে সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

নিজেকে সুরক্ষিত রাখাতে যা করতে হবে, তা হলো- 
অনলাইনে পরিচিত কাউকে সহজে বিশ্বাস না করা: সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বাস্তব পরিচয়ের নিশ্চয়তা নয়। ছবি, পরিচয় কিংবা পেশাগত তথ্য অনেক সময় ভুয়া হতে পারে।

ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকা: একবার কোনও ছবি বা ভিডিও অন্যের হাতে গেলে সেটির ওপর আপনার নিয়ন্ত্রণ থাকে না। তাই ব্যক্তিগত বা অন্তরঙ্গ কোনও কনটেন্ট শেয়ার করার আগে ঝুঁকি বিবেচনা করা জরুরি।

সাক্ষাৎ জনসমাগমস্থলে করা: অনলাইনে পরিচিত কারও সঙ্গে দেখা করতে হলে জনসমাগমপূর্ণ স্থানে দেখা করা নিরাপদ। পরিবারের সদস্য বা বিশ্বস্ত কাউকে সাক্ষাতের তথ্য জানিয়ে রাখা ভালো।

ব্যক্তিগত তথ্য সীমিত রাখা: বাসার ঠিকানা, অফিসের তথ্য, ব্যাংক হিসাব, জাতীয় পরিচয়পত্রের তথ্য বা অন্যান্য সংবেদনশীল তথ্য সহজে শেয়ার করা উচিত নয়।

চাপ সৃষ্টি করলে সতর্ক হওয়া: কেউ যদি দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেয়, গোপনীয়তার ওপর জোর দেয় বা আবেগ ব্যবহার করে কিছু আদায় করতে চায়; তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

ফাঁদে পড়লে যা করতে হবে: যদি কেউ ছবি বা ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করে- তাহলে আতঙ্কিত হয়ে অর্থ পাঠাবেন না; প্রমাণ সংরক্ষণ করুন; কথোপকথনের স্ক্রিনশট বা তথ্য মুছে ফেলবেন না; পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুদের জানান; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সাইবার অপরাধ ইউনিটের সহায়তা নিন।

যেভাবে বোঝা যায় ফাঁদ পাতা হচ্ছে, তা হলো-
লাভ বম্বিং: অল্প কয়েক দিনের পরিচয়েই যদি কেউ নিজেকে আপনার কাছে পুরোপুরি সমর্পণ করে, বলাই বাহুল্য এটি সম্পর্কের স্বাভাবিক গতি নয়। মনস্তত্ত্বের ভাষায় একে বলে ‘লাভ বম্বিং’। বাস্তব জীবনে দেখা হওয়ার আগেই কোনো অচেনা মানুষ যখন আকাশচুম্বী আবেগ, ভালোবাসা দেখায়, তখন সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ।

লাইভে ক্যামেরায় অনীহা ও অদ্ভুত অজুহাত: প্রোফাইলে ছবি হয়তো ঠিকই আছে, কিন্তু সরাসরি ভিডিও কলে দেখতে চাইলে দেখবেন অপর প্রান্তের মানুষটির অজুহাতের শেষ নেই। ক্যামেরা নষ্ট, নেটওয়ার্ক দুর্বল কিংবা পারিবারিক গোপনীয়তার নানা বাহানা। অনেক সময় আগে থেকে ডাউনলোড করা ক্লিপ বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও দেখিয়েও বিভ্রান্ত করে।

ধীরে ধীরে আপনার দুর্বলতাগুলো চিনে নেওয়া: মিষ্টি কথার আড়ালে এরা খুব সাবধানে জেনে নেয় আপনার পেশা, পারিবারিক অবস্থান, আয়ের অঙ্ক কিংবা ব্যক্তিগত একাকিত্বের জায়গাগুলো। প্রযুক্তিবিদদের ভাষায় এই কৌশলটির নাম ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’।

অন্তরঙ্গ মুহূর্তের ফাঁদ: সম্পর্ক কিছুটা এগোতেই তারা ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্ত তৈরির জন্য চাপ দেয়। আপনি কিছু বুঝে ওঠার আগেই হয়তো গোপনে স্ক্রিন রেকর্ডার চালু হয়ে গেছে, যা পরবর্তী ব্ল্যাকমেলের মূল অস্ত্র হয়ে দাঁড়ায়।

হঠাৎ সাজানো সংকট ও অর্থ দাবি: কিছুটা ঘনিষ্ঠতা তৈরির পরেই তাদের জীবনে তৈরি হয় নাটকীয় কোনো বিপদ। পরিবারের কারও হঠাৎ অপারেশন বা আইনি ঝামেলা- নিপুণ দক্ষতায় তৈরি হয় টাকা চাওয়ার গল্প।

সতর্কতা: ডিজিটাল দুনিয়ায় ক্ষতির ঝুঁকি এড়াতে খুব জটিল কোনো প্রযুক্তির দরকার পড়ে না; প্রয়োজন শুধু সতর্কতা ও বাস্তব দৃষ্টিভঙ্গি। তা হলো-

প্রোফাইল যাচাই: অচেনা কারও প্রোফাইল ছবি দেখে সন্দেহ হলে গুগল রিভার্স ইমেজ সার্চে ফেলে দেখে নিন। বহু প্রতারক ইন্টারনেট থেকে মডেল বা অন্য দেশের মানুষের ছবি চুরি করে ভুয়া অ্যাকাউন্ট খোলে।

ব্যক্তিগত গোপনীয়তায় সীমানা টানা: সামাজিক মাধ্যমে নিজের রিয়েল-টাইম লোকেশন, ভ্রমণের আপডেট কিংবা পরিবারের স্পর্শকাতর তথ্য বা অর্থনৈতিক যেকোনো তথ্য উন্মুক্ত করা থেকে বিরত থাকুন।

ডিজিটালে কোনো কিছুই পুরোপুরি মুছে যায় না: ভিডিও কলে বা চ্যাটে এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার করবেন না, যা ভবিষ্যতে কারও হাতে চলে গেলে আপনার জীবন থমকে যেতে পারে। সামনাসামনি পরিচয় না হওয়া কারও কাছে কোনো পরিস্থিতিতেই অর্থ পাঠাবেন না।

ফাঁদে পড়ে গেলে যা করতে হবে, তা হলো-
প্রমাণ মুছে ফেলবেন না: ভয়ের চোটে চ্যাট হিস্ট্রি ডিলিট করবেন না। সব কথোপকথনের স্ক্রিনশট, অডিও-ভিডিও ফাইল এবং টাকা পাঠানোর তথ্যপ্রমাণ হিসেবে সংরক্ষণ করুন।

যোগাযোগ ছিন্ন করা: বাড়তি তর্ক বা কোনো ধরনের মীমাংসার চেষ্টা না করে অপরাধীর অ্যাকাউন্টগুলো ব্লক করুন এবং অর্থ দেওয়া পুরোপুরি বন্ধ করুন।

আইনি সাহায্য নেওয়া: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের (পিসিএসডব্লিউ) সহায়তা নিন। সাইবার অপরাধ দমনে এখন বিশেষায়িত পুলিশ ইউনিট ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণ করে। সূত্র: এফটিসি।

কেএমএএ/আপ্র/৩১.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান চালিকাশক্তি স্পর্শ
৩১ আগস্ট ২০২৬

মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান চালিকাশক্তি স্পর্শ

মানুষের অস্তিত্বের সঙ্গে স্পর্শ গভীরভাবে জড়িয়ে আছে। জন্মের পর মাতৃক্রোড়ে শিশুর প্রথম আশ্রয় থেকে শুরু...

সন্তানের ‘কেন আমার বেলায় এমন হয়’ অভিযোগের সমাধান
৩১ আগস্ট ২০২৬

সন্তানের ‘কেন আমার বেলায় এমন হয়’ অভিযোগের সমাধান

জীবনটা অন্যদের জন্য যেন একটু সহজ। বন্ধুর হাতে নতুন ফোন, নিজেরটা পুরোনো। অঙ্কটা কঠিন। অথচ পাশের জন দি...

বাঙালির খাদ্য সংস্কৃতির অনবদ্য অংশ তালের পিঠা-পায়েস
৩১ আগস্ট ২০২৬

বাঙালির খাদ্য সংস্কৃতির অনবদ্য অংশ তালের পিঠা-পায়েস

তাল আমাদের দেশের অতি পরিচিত ফল। তাল যেমন নানাভাবে খাওয়া যায় তেমনি তালে পুষ্টিগুণও রয়েছে। পাকা তালের...

ইউরোপের রক্তাক্ত অতীত নাৎসি আমলের যুদ্ধজাহাজ
৩১ আগস্ট ২০২৬

ইউরোপের রক্তাক্ত অতীত নাৎসি আমলের যুদ্ধজাহাজ

নদীর পানি কমছে। একই সঙ্গে দানিউবের বুক থেকে একে একে জেগে উঠছে ইউরোপের রক্তাক্ত অতীত। মরিচা ধরা জাহাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই