গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

ভয়েস ফর রিফর্ম-এর আলোচনা সভায় বক্তারা

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে তাড়াহুড়া নয়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪৩ এএম ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে তাড়াহুড়া নয়
ছবি

‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান: কৌশলগত জাতীয় নিরাপত্তার হিসাব নিকাশ’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণকারীরা -ছবি সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোসহ নতুন কিছু কৌশলগত সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে তাড়াহুড়া না করে সম্ভাব্য সুফল ও ঝুঁকি বিশ্লেষণ, কার্যকর কূটনৈতিক প্রস্তুতি এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ, কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা।

সোমবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান: কৌশলগত জাতীয় নিরাপত্তার হিসাব-নিকাশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ভয়েস ফর রিফর্ম আয়োজিত সভায় নিরাপত্তা বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এর মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, সামরিক শিল্পের সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আন্তকার্যক্ষমতা তৈরির সুযোগ রয়েছে। পাশাপাশি যৌথ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানেও বাংলাদেশ উপকৃত হতে পারে।

তবে চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু ঝুঁকিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, বাংলাদেশ এতে যোগ দিলে ভারতকে তার সামরিক পরিকল্পনায় বাংলাদেশকে নতুন করে হিসাবের মধ্যে রাখতে হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ভবিষ্যতেও একই থাকবে কি না, সেটিও নিশ্চিত নয়।

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের ঝাঁপিয়ে পড়ার কিছু নেই। তবে ৫৫ বছর ধরে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ রাখার পরও বাংলাদেশের এমন কোনো নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্র নেই, যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে দৃঢ়ভাবে পাশে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে একটি সমষ্টিগত নিরাপত্তা কাঠামোর আওতায় আসা বাংলাদেশের জন্য কৌশলগতভাবে বিবেচনার বিষয় হতে পারে।

‘হুজুগে’ সিদ্ধান্ত নয়: সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলেই বাংলাদেশের সব প্রতিরক্ষা ও নিরাপত্তা সমস্যার সমাধান হবে না। দেশের মানুষ চুক্তির পক্ষে থাকলেও ‘হুজুগে হাইপ তুলে’ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চুক্তিতে যোগ দেওয়ার আগে সম্ভাব্য সুফল ও ঝুঁকি নিয়ে যথাযথ ব্যয়-সুবিধা বিশ্লেষণ করা প্রয়োজন।

সরকার এখনো পর্যাপ্ত তথ্য প্রকাশ করছে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে বিষয়টি পরিষ্কার না করে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্লেষণের তাগিদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী বলেন, তুরস্ক ন্যাটোর সদস্য এবং সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে মক্কা প্রতিরক্ষা চুক্তির পটভূমিতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং এ বিষয়ে ট্রাম্পের অভিনন্দনও গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন।

তিনি বলেন, চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের তাড়াহুড়া করা উচিত নয়। সংসদ ও বিশেষজ্ঞদের নিয়ে বিস্তৃত আলোচনা এবং জাতীয় ঐকমত্য তৈরি করা জরুরি।

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার পর থেকে এর বিরোধিতাকারীদের অনেকে ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর উদাহরণ টানছেন। তাঁদের ভাষ্য, কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয় এবং আক্রান্ত সদস্যকে সহায়তার জন্য অন্য সদস্যদেশগুলোকে প্রতিক্রিয়া জানাতে হয়।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে অনুচ্ছেদ ৫ মূলত কোনো সদস্যদেশ আক্রান্ত হলে সম্মিলিতভাবে কী ধরনের প্রতিক্রিয়া হবে, সেই কাঠামো নির্ধারণ করে। এতে কোনো দেশের ওপর স্বয়ংক্রিয়ভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয় না।

অধ্যাপক শাহাব এনাম খান মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়াকে ইতিবাচকভাবে দেখেন। তাঁর মতে, কার্যকর কূটনৈতিক প্রস্তুতি ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

বাংলাদেশ ফার্স্ট নীতির ‘পরীক্ষা’: ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক উপপ্রধান জন এফ ড্যানিলোউইজ বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিএনপি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বাস্তব প্রয়োগ কী হবে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তা স্পষ্ট হবে। তাঁর মতে, ‘বাংলাদেশ ফার্স্ট’কে কীভাবে বৃহৎ নীতিগত অবস্থান থেকে বাস্তব ও সুনির্দিষ্ট সিদ্ধান্তে রূপ দেওয়া যায়, তা সরকারকে দেখাতে হবে।

রাষ্ট্রবিজ্ঞানী দিলোারা চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর। আরো বক্তব্য দেন এফএসডিএসের মুখ্য গবেষণা ফেলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাফায়াত আহমেদ, মানবাধিকারকর্মী রুবি আমাতুল্লাহ, নেক্সাফ ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার (অব.) হাসান নাসির, সাংবাদিক ফয়সাল মাহমুদ, এনসিপি নেত্রী মনিরা শারমিন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন প্রমুখ।
সানা/আপ্র/৩১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
৩১ আগস্ট ২০২৬

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরো কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড ব...

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, ইয়ার্ড মালিকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
৩১ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, ইয়ার্ড মালিকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তাব্যবস্থায় ‘...

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা
৩১ আগস্ট ২০২৬

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা

নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভায় আলোচনা...

নবম পে-স্কেলে সরকারি বেতন বেড়ে দ্বিগুণের বেশি, মন্ত্রিসভায় অনুমোদন
৩১ আগস্ট ২০২৬

নবম পে-স্কেলে সরকারি বেতন বেড়ে দ্বিগুণের বেশি, মন্ত্রিসভায় অনুমোদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই