গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে তৃণমূল ভেঙ্গে বিরোধী নেতা হলেন ‘বিদ্রোহী’ বিধায়ক ঋতব্রত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১৪:১৯ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে তৃণমূল ভেঙ্গে বিরোধী নেতা হলেন ‘বিদ্রোহী’ বিধায়ক ঋতব্রত
ছবি

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা ও সন্দীপন -ছবি এনডিটিভি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির এক মাসের মাথায় দলটিতে বড় ধরনের ভাঙনের আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছে। তৃণমূল থেকে বহিষ্কৃত ‘বিদ্রোহী’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একই সঙ্গে তৃণমূলের টিকিটে নির্বাচিত দুই-তৃতীয়াংশেরও বেশি বিধায়ক তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী বিধায়কদের সমর্থন নিয়ে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বাধীন শিবিরের দাবি, তৃণমূলের ৫৮ জন বিধায়ক এখন তাদের সঙ্গে রয়েছেন এবং তারাই দলটির প্রকৃত প্রতিনিধিত্ব করছেন।

নতুন বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনার প্রধান উৎস। তিনি যদি পরামর্শদাতা হিসেবে থাকেন, তাহলে বিধানসভায় গঠনমূলক ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করা আরো সহজ হবে।

মাত্র দুই দিন আগে তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আরেক বিদ্রোহী বিধায়ক সন্দীপনকে দল থেকে বহিষ্কার করে। অভিযোগ ছিল, তৃণমূলের নির্বাচিত বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তারা লিখিতভাবে বিধানসভার স্পিকারকে জানিয়েছেন। তবে বহিষ্কারের ৪৮ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। দেখা যায়, তৃণমূলের অধিকাংশ বিধায়কই ঋতব্রত-সন্দীপনদের পক্ষ নিয়েছেন।

ঋতব্রতকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে স্পিকার রথীন্দ্র বসুর কাছে একটি চিঠি জমা দেন বিদ্রোহী বিধায়করা। ঋতব্রত ও সন্দীপন ছাড়া ওই চিঠিতে আরো ৫৮ জন বিধায়কের স্বাক্ষর ছিল। একই চিঠিতে বিরোধী শিবিরের উপদলনেতাসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্বের বিষয়ও উল্লেখ করা হয়। উল্লেখযোগ্যভাবে, বিদ্রোহী শিবির তাদের সভানেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বহাল রাখে।

চিঠি জমা দেওয়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ বিদ্রোহী বিধায়করা বিধানসভার কাউন্সিল চেম্বারে বৈঠক করেন। পরে তারা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা করে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন। পাশাপাশি বিরোধী দলের অন্যান্য পদাধিকারীকেও অনুমোদন দেওয়া হয়।

স্বীকৃতি পাওয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত কক্ষ খুলে দেওয়া হয়। সেখানেই সংবাদ সম্মেলন করে নতুন নেতৃত্ব নিজেদের অবস্থান তুলে ধরে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের টিকিটে নির্বাচিত দুই-তৃতীয়াংশেরও বেশি বিধায়ক এখন তাদের সঙ্গে রয়েছেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে তারা শাসক ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবেন।

তবে একই সঙ্গে তিনি জানান, রাজ্য সরকারের কোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ থাকলে তা সমর্থন করতেও তাদের আপত্তি থাকবে না।

সংবাদ সম্মেলনে ঋতব্রত আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের রাজনৈতিক শ্রদ্ধা ও আস্থা অটুট রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ভাঙনকে তৃণমূল কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে বড় সাংগঠনিক সংকট হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে পরাজয়ের পর দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসলেও এত দ্রুত সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের একাংশের বিদ্রোহী অবস্থানে চলে যাওয়া রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের জন্ম দিয়েছে।
সানা/আপ্র/৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা

বিয়ের জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছ...

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছ...

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট

উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে