গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

নিট প্রশ্নফাঁসে উত্তাল দিল্লি, চাপে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪০ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:১১ এএম ২০২৬
নিট প্রশ্নফাঁসে উত্তাল দিল্লি, চাপে মোদি সরকার
ছবি

সোমবার দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও দলটির অন্যান্য নেতারা। সেখান থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কাকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে -ছবি এপি

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে রাজধানী নয়াদিল্লিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এখন কেন্দ্রীয় সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে পরে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

সোমবার (২০ জুলাই) সংসদ অভিমুখী আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো দেশের জাতীয় দায়িত্ব।

মঙ্গলবার সোমবার (২১ জুলাই) জাতীয় গণতান্ত্রিক জোটের সংসদীয় দলের বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নিরাপত্তা, অধিক স্বচ্ছতা এবং প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে রিজিজু আরও বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

সংসদ অভিযানে সংঘর্ষ
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করে ককরোচ জনতা পার্টি। বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সমর্থক সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বহু শিক্ষার্থী আহত হওয়ার দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য, সংঘর্ষে তাদেরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

পুলিশ একাধিক মামলা দায়ের করে কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

যন্তর মন্তরে চলবে আন্দোলন
সংঘর্ষের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তবে নতুন করে সংসদ ভবন অভিমুখে মিছিল করা হবে না, যাতে পুলিশ আবার শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের সুযোগ না পায়।

দলটির পক্ষ থেকে সরকারের কাছে তিনটি দাবি জানানো হয়েছে—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ, অনশনরত অধিকারকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি এবং প্রশ্নফাঁস ও শিক্ষা সংকটে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করা।

ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে নেওয়ার অনুমতি
প্রশ্নফাঁসের জবাবদিহির দাবিতে অনশনরত লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুককে সরকারি সফদরজং হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট।

আদালত বলেছে, তাঁর স্বাস্থ্যগত অবস্থা উপেক্ষা করা যায় না। চিকিৎসকদের প্রতিবেদনে শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ওয়াংচুক আদালতকে জানিয়েছেন, শিক্ষার্থী ও অধিকারকর্মীদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ বিরোধী নেতারা বিক্ষোভে অংশ নেন।

পুলিশ ধর্না তুলে দিতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। রাহুল গান্ধীকে টেনে-হিঁচড়ে এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও বলপ্রয়োগ করে পুলিশ বাসে তুলে নিয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাহুলের নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই অবস্থায় তিনি বলেন, ‘ভারতে এখন এভাবেই গণতন্ত্র পরিচালিত হচ্ছে।’

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কাকে মন্দির মার্গ থানায় এবং রাহুলকে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। পরে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেন। কয়েক ঘণ্টা আটকে রাখার পর মঙ্গলবার রাত প্রায় নয়টার দিকে রাহুল ও প্রিয়াঙ্কাসহ আটক নেতাদের ছেড়ে দেয় পুলিশ।

দিল্লি পুলিশের দাবি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নেতাদের আটক করা হয়েছিল। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি দমিয়ে দিতেই পুলিশ বলপ্রয়োগ করেছে।

সংসদেও উত্তাপ
প্রশ্নফাঁস ও আন্দোলনকে ঘিরে মঙ্গলবার ভারতের সংসদেও তুমুল উত্তেজনা দেখা দেয়। বিরোধী দলগুলো সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলে। সরকার অবশ্য জানিয়েছে, প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হবে।

তবে আন্দোলনকারীদের বক্তব্য, শুধু আশ্বাস নয়, তারা দৃশ্যমান পদক্ষেপ চান। নিট প্রশ্নফাঁসের ঘটনাকে তারা ভারতের শিক্ষা ব্যবস্থা, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং সরকারের জবাবদিহির অন্যতম বড় পরীক্ষায় পরিণত হয়েছে বলে মনে করছেন।
সানা/আপ্র/২২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ শেষে কানাডায় ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের
২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ শেষে কানাডায় ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের

ফুটবল বিশ্বকাপ শেষ হতেই যুক্তরাষ্ট্রের অন্যতম সহ-আয়োজক কানাডার বিরুদ্ধে বড় বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছেন...

শরিয়াহ আইন নিয়ে বক্তব্যে বিতর্কে ট্রাওরে
২১ জুলাই ২০২৬

শরিয়াহ আইন নিয়ে বক্তব্যে বিতর্কে ট্রাওরে

বুরকিনা ফাসোতে শরিয়াহ আইন চালুর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ও সামরিক নেতা ই...

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমলো তেলের দাম
২১ জুলাই ২০২৬

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং কূটনৈতিক তৎপরতার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালা...

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ তদন্তের আহ্বান এইচআরডব্লিউর
২১ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ তদন্তের আহ্বান এইচআরডব্লিউর

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ হিসেবে আলোচিত মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাটি অব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই