কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’ দিয়ে দর্শকদের কাছে ব্যাপকভাবে নজর কাড়েন শিমুল শর্মা ও লামিমা লাম।
প্রযোজনা সংস্থা ‘বঙ্গ’ অরিজিনাল -এর গণ্ডির মধ্যে থেকেই নিজেদের প্রতিষ্ঠিত করে নেন এই অভিনেতা জুটি। তবে ধারাবাহিক ও ওয়েব ফিল্মের বাইরেও একক নাটকে কাজ করেছেন তারা। গত বছর মুক্তি পায় শিমুল-লামিমা অভিনীত নাটক ‘শর্টকাট’।
যদিও আগের কাজগুলো থেকেই আলাদা করে শিমুল-লামিমার রসায়ন ব্যাপকভাবে উপভোগ করেন দর্শক, সেই সঙ্গে পান জনপ্রিয়তাও।
এবার সেই জনপ্রিয় জুটিকে নিয়ে নতুন নাটকের খবর মিলেছে। রোম্যান্টিক-কমেডি ঘরানার সেই নাটকের নাম ‘চেক আউট’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম অফিসিয়াল পোস্টার।
যেখানে ক্যাপশনে লেখা রয়েছে— ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’ বঙ্গ অরিজিনাল-এর ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। নাটকটির মূল গল্প লিখেছেন শিমুল শর্মা নিজেই।
চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র। এর আগে গত বছর মুক্তি পায় শিমুল-লামিমা অভিনীত নাটক ‘শর্টকাট’। সেখানে মামুন ও লায়লা চরিত্রে তাদের সমসাময়িক জীবনের রসায়ন ব্যাপকভাবে উপভোগ করেছিলেন দর্শকরা।
সেই ধারাবাহিকতায় এবার ‘চেক আউট’ নাটক নিয়ে হাজির হচ্ছেন তারা। এতে শিমুল-লামিমা জুটি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা। আগামী ১ অক্টোবরম ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেতে যাচ্ছে ‘চেক আউট’।
ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬