গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুস্থ শরীরের ভিত্তিতেই সুস্থ জাতি

খেলাধুলা বাধ্যতামূলক করার সাহসী সিদ্ধান্ত

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৬:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:১৬ এএম ২০২৬
খেলাধুলা বাধ্যতামূলক করার সাহসী সিদ্ধান্ত
ছবি

ছবি সংগৃহীত

‘তোমরা ফুটবল খেললে গীতা পড়ার চেয়ে স্বর্গের কাছাকাছি যাবে’-স্বামী বিবেকানন্দ যুবকদের উদ্দেশে এমন বক্তব্য রেখেছিলেন। যার মাধ্যমে তিনি শারীরিক শক্তির অপরিহার্যতা তুলে ধরেন। 
শত বছর আগে স্বামীজী যে সত্য উচ্চারণ করেছিলেন, তা আজকের বাস্তবতায় আরো তীব্রভাবে প্রাসঙ্গিক। তিনি বুঝিয়েছিলেন, দুর্বল শরীর নিয়ে জ্ঞান, ধর্ম বা আদর্শের গভীরে পৌঁছানো যায় না; সুস্থতা ও শক্তিই সব উন্নতির প্রথম শর্ত।

অবশ্য আজ আমরা এক বিপরীত বাস্তবতার মুখোমুখি। খেলাধুলা ও শরীরচর্চার অভাবে শিশু, কিশোর ও তরুণ প্রজন্ম ক্রমেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। নগরকেন্দ্রিক জীবনযাত্রা মানুষকে করে তুলেছে কায়িক পরিশ্রমবিমুখ, আর প্রযুক্তিনির্ভরতা ও মানসিক চাপ তাদের আটকে ফেলছে এক অদৃশ্য খাঁচায়। এর ফল হিসেবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগ অকালেই গ্রাস করছে জীবনের স্বাভাবিক গতি। যে বয়সে মাঠে ছুটে বেড়ানোর কথা, সে বয়সেই শিশুরা বন্দি হয়ে পড়ছে পর্দার আলোয়-এ এক নীরব বিপর্যয়ে, যার ভবিষ্যৎ গভীরভাবে উদ্বেগজনক।

এই প্রেক্ষাপটে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রাথমিকভাবে সাতটি ইভেন্ট দিয়ে শুরু করে পর্যায়ক্রমে আরো খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল ক্রীড়াবিকাশ নয়, বরং একটি প্রজন্মকে প্রযুক্তি আসক্তি থেকে মুক্ত করে মাঠমুখী, সক্রিয় ও প্রাণবন্ত করে তোলা।

তবে বাস্তবতা হলো-নীতিগত সিদ্ধান্ত যতই ইতিবাচক হোক, তার কার্যকর বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ। আজ দেশের অধিকাংশ শহরে খেলার মাঠের চরম সংকট বিদ্যমান। অবাধ নগরায়ণ ও পরিকল্পনার অভাবে শিশুদের জন্য উন্মুক্ত মাঠ ক্রমেই হারিয়ে যাচ্ছে। তাই শুধু শিক্ষাক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করলেই হবে না; প্রয়োজন সারাদেশে-শহর থেকে গ্রাম পর্যন্ত-পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণ ও সংরক্ষণ। প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও সহজলভ্য খেলার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

একই সঙ্গে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণের কবল থেকে মুক্ত করা অত্যন্ত জরুরি। প্রতিমন্ত্রী সংসদে স্বীকার করেছেন, অতীতে ক্রীড়া সংস্থাগুলোতে অনিয়ম, দুর্নীতি ও দলীয় প্রভাব বিস্তার পেয়েছিল। এমনকি ক্রীড়া প্রতিষ্ঠানের সম্পদ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগও রয়েছে। এই প্রেক্ষাপটে তদন্ত ও জবাবদিহির উদ্যোগ কেবল প্রয়োজনীয়ই নয়, বরং একটি সুস্থ ক্রীড়া সংস্কৃতি পুনর্গঠনের পূর্বশর্ত। মেধা, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে ক্রীড়াব্যবস্থা গড়ে না তুললে কোনো উন্নয়নই টেকসই হবে না।

সরকার খেলোয়াড় তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে-এটি অবশ্যই ইতিবাচক। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি বড় খেলোয়াড়ের জন্ম হয় ছোট একটি মাঠে, শৈশবের খেলায়। সেই মাঠ যদি না থাকে, তবে প্রতিভার বিকাশও থেমে যাবে। তাই অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ তৈরির মধ্যে সমন্বিত দৃষ্টিভঙ্গি জরুরি।

আজকের এই সিদ্ধান্ত কেবল একটি নীতিগত পরিবর্তন নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ পুনর্গঠনের সূচনা হতে পারে। যদি আমরা সত্যিই সুস্থ, সচেতন ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে চাই, তবে খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতেই হবে।

কারণ, সুস্থ শরীরের ভেতরেই বাস করে সুস্থ মন, আর সুস্থ মনই গড়ে তোলে একটি শক্তিশালী জাতি।
সানা/আপ্র/৩১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামের পানিতে জীবাণু, জরুরি নজরদারি প্রয়োজন
০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পানিতে জীবাণু, জরুরি নজরদারি প্রয়োজন

পানি জীবনের অপরিহার্য উপাদান। সেই পানির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা মানে জনস্বাস্থ্যের মৌলিক নিরাপত্তা...

জননিরাপত্তা আজ সবচেয়ে বড় রাষ্ট্রীয় পরীক্ষা
০২ সেপ্টেম্বর ২০২৬

জননিরাপত্তা আজ সবচেয়ে বড় রাষ্ট্রীয় পরীক্ষা

রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্ব কী? নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আজ সেই মৌলিক ন...

‘বাংলার টেসলা’ বন্ধ নয়, চাই সুশৃঙ্খল রূপান্তর
০১ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলার টেসলা’ বন্ধ নয়, চাই সুশৃঙ্খল রূপান্তর

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অবাধ বিস্তার এখন আর নিছক পরিবহন-সমস্যা নয়; এটি নগর ব্যবস্থাপনার গ...

ছিনতাইয়ের হ্যাঁচকায় বিপন্ন রাজধানীর নাগরিক জীবন, জননিরাপত্তার দায় কার?
৩১ আগস্ট ২০২৬

ছিনতাইয়ের হ্যাঁচকায় বিপন্ন রাজধানীর নাগরিক জীবন, জননিরাপত্তার দায় কার?

রাজধানীর রাস্তায় এখন ছিনতাই কেবল মানুষের অর্থ-সম্পদ কেড়ে নেওয়ার অপরাধ নয়; এটি নাগরিকের জীবন ও রাষ্ট্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে