গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গ্যাস সংকটে অর্ধেক পোশাকশিল্প, চাই জরুরি সমাধান

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৭:৩৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৪ এএম ২০২৬
গ্যাস সংকটে অর্ধেক পোশাকশিল্প, চাই জরুরি সমাধান
ছবি

ফাইল ছবি

২ সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেছিল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির পরিচালনা পর্ষদের প্রতিনিধিদল। সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ওই সাক্ষাতে দেশের তৈরি পোশাকশিল্পের সংকট, রফতানি, বিনিয়োগ ও ভবিষ্যৎ নিয়ে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা নিঃসন্দেহে গভীর উদ্বেগের। বিজিএমইএর ভাষ্য অনুযায়ী, পর্যাপ্ত গ্যাসের অভাবে অধিকাংশ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে। গত তিন বছরে উচ্চ উৎপাদন ব্যয় ও রফতানি আদেশের সংকটে বন্ধ হয়েছে প্রায় চারশ কারখানা। একই সময়ে উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

এটি কোনো বিচ্ছিন্ন শিল্পখাতের সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের রফতানি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা ও অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রফতানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও কমেছে ১ দশমিক ৯২ শতাংশ। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া নতুন বিনিয়োগে স্থবিরতারও ইঙ্গিত দিচ্ছে।

সবচেয়ে বিপজ্জনক জায়গাটি হলো আন্তর্জাতিক বাজার। নির্ধারিত সময়ে ক্রয়াদেশের পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতা বিকল্প দেশ খুঁজবে। একবার ক্রেতার আস্থা ও বাজার হারালে তা ফিরে পাওয়া কঠিন। অতএব গ্যাস সরবরাহকে নিছক জ্বালানি ব্যবস্থাপনার সমস্যা হিসেবে দেখার অবকাশ নেই; এটি জাতীয় রফতানি সক্ষমতা রক্ষার প্রশ্ন।

এ অবস্থায় বিজিএমইএর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার—দ্রুত দুটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল স্থাপন, জ্বালানি মূল্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, আমদানি পর্যায়ে শুল্ক-কর প্রত্যাহার, ক্ষুদ্র ও মাঝারি কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে স্বল্পসুদের বিশেষ ঋণ। পাশাপাশি কম সুদে চলতি মূলধন, রফতানি-পরবর্তী অর্থায়ন, সহজ কাস্টমস ব্যবস্থা এবং দ্রুত বন্দর অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি।

তবে এর পাশাপাশি সরকারকে আরেকটি মৌলিক নীতিগত বিষয় নিশ্চিত করতে হবে—শিল্পের বিচার হবে আইনে, রাজনীতির পরিচয়ে নয়। কোনো শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু অতীতের রাজনৈতিক অবস্থান, কোনো সরকারের সঙ্গে সম্পর্ক কিংবা ‘দোসর’ তকমার ভিত্তিতে প্রতিষ্ঠান বন্ধ, হয়রানি বা বিনিয়োগের পরিবেশ সংকুচিত করা হলে তার খেসারত শেষ পর্যন্ত দেবে অর্থনীতিই।

রাজনৈতিক প্রতিহিংসার হিসাব মেলানোর সময় অর্থনীতির চাকা থামিয়ে দেওয়া যায় না। আজ শিল্পপতির রাজনৈতিক পরিচয় খুঁজে শায়েস্তা করার চেয়ে জরুরি হলো কারখানার চাকা সচল রাখা, শ্রমিকের কর্মসংস্থান রক্ষা, রফতানি বাড়ানো এবং নতুন বিনিয়োগ আনা। সরকারকে তাই প্রতিটি সিদ্ধান্তে আইনের শাসন, ন্যায়সংগত আচরণ ও ব্যবসায়িক আস্থার নিশ্চয়তা দিতে হবে।

বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য প্রস্তাবিত ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন দ্রুত কার্যকর করা, ঋণের সুদ কমানো এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য সুবিধা নিশ্চিত করার উদ্যোগও সমান জরুরি।

রাষ্ট্রপতি বলেছেন, তৈরি পোশাকশিল্পের শীর্ষ অবস্থান ধরে রাখা জরুরি এবং প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন সেই আশ্বাসকে দ্রুত বাস্তব সিদ্ধান্তে রূপ দিতে হবে। কারণ প্রায় অর্ধেক সক্ষমতায় চলা একটি শিল্পকে আর অপেক্ষায় রাখা মানে সংকটকে আরো গভীর করা। দেশের অর্থনীতি আজ বিভাজন নয়, সহযোগিতা চায়; প্রতিহিংসা নয়, উৎপাদন চায়। সবাইকে সঙ্গে নিয়েই শিল্প ও দেশকে এগিয়ে নেওয়ার এখনই সময়। 
সানা/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামের পানিতে জীবাণু, জরুরি নজরদারি প্রয়োজন
০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পানিতে জীবাণু, জরুরি নজরদারি প্রয়োজন

পানি জীবনের অপরিহার্য উপাদান। সেই পানির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা মানে জনস্বাস্থ্যের মৌলিক নিরাপত্তা...

জননিরাপত্তা আজ সবচেয়ে বড় রাষ্ট্রীয় পরীক্ষা
০২ সেপ্টেম্বর ২০২৬

জননিরাপত্তা আজ সবচেয়ে বড় রাষ্ট্রীয় পরীক্ষা

রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্ব কী? নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আজ সেই মৌলিক ন...

‘বাংলার টেসলা’ বন্ধ নয়, চাই সুশৃঙ্খল রূপান্তর
০১ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলার টেসলা’ বন্ধ নয়, চাই সুশৃঙ্খল রূপান্তর

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অবাধ বিস্তার এখন আর নিছক পরিবহন-সমস্যা নয়; এটি নগর ব্যবস্থাপনার গ...

ছিনতাইয়ের হ্যাঁচকায় বিপন্ন রাজধানীর নাগরিক জীবন, জননিরাপত্তার দায় কার?
৩১ আগস্ট ২০২৬

ছিনতাইয়ের হ্যাঁচকায় বিপন্ন রাজধানীর নাগরিক জীবন, জননিরাপত্তার দায় কার?

রাজধানীর রাস্তায় এখন ছিনতাই কেবল মানুষের অর্থ-সম্পদ কেড়ে নেওয়ার অপরাধ নয়; এটি নাগরিকের জীবন ও রাষ্ট্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে