উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান শনাক্ত হওয়ার পর বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটে। উড্ডয়নের পর বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে ২৪ যাত্রী আহত হন।
ঘটনার পর পাইলটের পোস্ট-ফ্লাইট মাদক পরীক্ষায় সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি পাওয়া যায়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটটির পাইলট ইন কমান্ডের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিরাপত্তা নীতিমালার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩৬ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নের সময় এয়ারবাস-৩২০ বিমানটির তিনটি হাইড্রলিক সিস্টেমই বিকল হয়ে যায়। এতে অটোপাইলটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়।
তবে ঘটনার পর সরকারের একটি নথিতে ওই পাইলটের প্রাথমিক মাদক পরীক্ষার ফল নেগেটিভ ছিল বলে উল্লেখ করা হয়। পরে সংশ্লিষ্ট একটি সূত্র ‘হিন্দুস্তান টাইমসকে’ জানায়, পরবর্তী পরীক্ষায় তার শরীরে গাঁজা সেবনের বিষয়টি ধরা পড়ে।
ঘটনার পর বিমানটি ১৩৭ যাত্রী নিয়ে নিরাপদে দিল্লিতে অবতরণ করে।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
এসি/আপ্র/০৫/০৯/২০২৬