বেরোবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করার ওপর গুরুত্বারোপ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, অনেক সময় তথ্য যাচাই না করে প্রচার করায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়। তাই যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বেরোবিসাসের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান।
এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান, বেরোবিসাসের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান পুলকসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন।
আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কেক কেটে সমিতির এক যুগ পূর্তির আনন্দ ভাগাভাগি করেন অতিথি ও সংগঠনের সদস্যরা।
সানা/আপ্র/২৬/১০/২০২৬