দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলে বছরে তেল শোধনের ক্ষমতা তিনগুণ বেড়ে হবে ৪৫ লাখ মেট্রিক টন।
এই আধুনিকায়নে ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের জন্য বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
ইআরডি জানায়, প্রকল্পটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বাস্তবায়ন করবে। এ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও আইডিবির মধ্যে চলমান উন্নয়ন সহযোগিতা সম্পর্ক আরও উচ্চতায় উন্নীত হবে।
বাংলাদেশে কোনো একক প্রকল্পে আইডিবির এটিই সর্বোচ্চ বিনিয়োগ বলে জানিয়েছে ইআরডি। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রধান তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন সক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ৪৫ লাখে উন্নীত হবে।
এর ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা আরো সুদৃঢ় হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে পরিবেশবান্ধব ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে।
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিনগুণ বাড়ানোর ফলে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর বাংলাদেশের নির্ভরতাও কমবে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী আইডিবি। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বাংলাদেশকে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন ও রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।
অর্থায়ন চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সম্পর্ক আরো গভীর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসি/আপ্র/০৫/০৯/২০২৬