গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

নীতি সুদহার হ্রাস

বিনিয়োগ বৃদ্ধির চেষ্টায় ঝুঁকিতে মূল্যস্ফীতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
বিনিয়োগ বৃদ্ধির চেষ্টায় ঝুঁকিতে মূল্যস্ফীতি
ছবি

ছবি সংগৃহীত

রিয়াজ রহমান: ব্যাংকে টাকা জমা রাখলে মুনাফা পাওয়া যায়- সাধারণভাবে এই সত্যই সবাই জানি। কিন্তু ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ যদি ধারাবাহিক মূল্যস্ফীতির অঙ্কের চেয়ে কম হয় তবে সেই মুনাফা বাস্তবে জমা টাকার চেয়েও কমে যায়। কেননা বছর শেষে ব্যাংক প্রতি একশ টাকার বিপরীতে ১০৬.৩৬ টাকা ফেরত দিলেও বাজারে ওই টাকার ক্রয় ক্ষমতা দাঁড়ায় ৯৭ দশমিক ২০ টাকা। দেশে মূল্যস্ফীতি বর্তমানে ৯ শতাংশের উপরে। গ্যাস সংকট ও নানাবিধ কারণে আরো বৃদ্ধির আশঙ্কা করছেন অর্থনীতিবিদ-বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে ব্যাংকে জমা রেখে কাগজে-কলমে মুনাফার টাকা বাড়লেও বাস্তবে ক্রয়ক্ষমতা ২.৮% কমে যাচ্ছে- বলছেন বিশ্লেষকরা। 


কিন্তু করবেন কী আমানতকারীরা। বিনিয়োগের উপযুক্ত পরিবেশও তারা খুঁজে পাচ্ছেন না। পুঁজিবাজার নিয়েও রয়েছে নানাবিধ অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে কেবলই বাড়ছে সোনার দর। তবে কী বিত্তবানদের অর্থ সোনায় বিনিয়োগ হচ্ছে? যেখানে লোকসানের ঝুঁকি কম! 
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে কঠোর মুদ্রানীতি অনুসরণ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু স্বস্তির খবর আসেনি। এমন পরিস্থিতিতে মুদ্রানীতির কঠোর অবস্থান কিছুটা শিথিল করে রেপো রেট বা নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ সংগ্রহে ব্যাংকগুলোর খরচ কমবে। যার ইতিবাচক প্রভাব পড়বে ব্যাংক ঋণের সুদের হারে। কিন্তু সুদের হার কমলেই কী শিল্প-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে?  


অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকলে মানুষের প্রকৃত আয় কমে যাবে। এতে ভোগব্যয়, বিনিয়োগ ও কর্মসংস্থান-সবকিছুই চাপে পড়তে পারে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ সুবিধা বাড়ানোর মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ। আজ রোববার থেকে নতুন নীতি সুদহার কার্যকর হবে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি, দেশি বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি খাতে ঋণের সুদের হার কমলে ঋণের প্রবাহ বাড়তে পারে। কিন্তু এতে অর্থের সরবরাহ বাড়লে নতুন করে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে সুদহারই একমাত্র বিবেচ্য বিষয় নয়। গ্যাস সঙ্কট, রাজনৈতিক অনিশ্চয়তা ও স্থিতিশীলতা, করনীতি, ঘুষ-দুর্নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিও বিনিয়োগের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ।


এদিকে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার দশমিক ৫ শতাংশ কমানোর সিদ্ধান্তকে ভালো ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক। তিনি বলেন, নীতি সুদহার কমানোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মূলত একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তবে এ সিদ্ধান্তের সুবিধা শেষ পর্যন্ত ব্যবসায়ী বা গ্রাহক পর্যায়ে কতটা পৌঁছাবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক মূলত একটি দ্বিমুখী সংকটের মধ্যে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সামনের দিনগুলোতে নীতি সুদহার আরও কমানো হতে পারে, যা দেশের বিনিয়োগ ও ব্যবসাকে আরও গতিশীল করবে।


উদ্যোক্তারা বলছেন, ব্যাংকঋণের সুদের হার ১৪ থেকে ১৫ শতাংশে উঠে গেছে। এ ছাড়া নতুন বিনিয়োগে গ্যাস-বিদ্যুতের প্রাপ্যতা, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় জড়িত। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন।


বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগে স্থবিরতা কাটাতে ব্যবসায়ীদের কিছুটা সাশ্রয় বা ছাড় দেওয়া জরুরি হয়ে পড়েছিল। সামগ্রিক স্বার্থে নীতি সুদহার কমানো অত্যন্ত সময়োপযোগী ও ভালো পদক্ষেপ। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হিসেবে কঠোর মুদ্রানীতি না চাপিয়ে চাঁদাবাজি ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
সানা/আপ্র/২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার
০৮ অক্টোবর ২০২৬

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এস...

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
০৭ অক্টোবর ২০২৬

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টা...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
০৭ অক্টোবর ২০২৬

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই