যুবসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ আলী আল-হুযাইফি।
শুক্রবার (২৯ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, আত্মশুদ্ধি ও সমাজের অগ্রগতিতে জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৎকর্ম ও ইতিবাচক আদর্শের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে পরিবার ও শিক্ষকদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
শায়খ আলী আল-হুযাইফি শিশুদের ছোটবেলা থেকেই মৌলিক ধর্মীয় জ্ঞানের ভিত্তি শক্ত করার ওপর গুরুত্ব দেন। তিনি নামাজ ও উত্তম চরিত্রকে সন্তানদের জীবনের গুরুত্বপূর্ণ গুণ হিসেবে উল্লেখ করেন। এসব গুণের চর্চার মাধ্যমে শিশুদের এমনভাবে গড়ে তোলা সম্ভব, যাতে তারা ভবিষ্যতে সমাজের গঠনমূলক সদস্য হিসেবে অন্যের উপকারে আসতে পারে।
তিনি বলেন, সন্তানদের শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রেও তাদের দক্ষ করে তুলতে হবে। যুবসমাজকে চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, শিল্প, অর্থনীতিসহ বিভিন্ন জ্ঞান ও পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
মসজিদে নববীর ইমাম আরো বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা নিজেদের চরিত্র ও জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির সেবা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি সন্তানদের শুধু পড়াশোনায় নয়, নৈতিকতা, সৎকর্ম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের দিক থেকেও গড়ে তোলার আহ্বান জানান।
এসি/আপ্র/২৯/০৮/২০২৬