বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তিনটি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী নয়জনের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়েও পুরস্কার দেওয়া হবে।
রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তিন বিভাগে প্রতিযোগিতা
প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। বয়স ও পবিত্র কোরআন মুখস্থ করার পরিমাণ অনুযায়ী প্রতিযোগীদের ভাগ করা হয়েছে।
ক বিভাগ: ১২ বছরের কম বয়সীরা তাজবিদসহ ১০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন।
খ বিভাগ:১৫ বছরের কম বয়সীরা তাজবিদসহ ২০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন।
গ বিভাগ:১৮ বছরের কম বয়সীরা তাজবিদসহ পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন।
জাতীয় পর্যায়ে পুরস্কার ১৩ লাখ ৫০ হাজার টাকা
জাতীয় পর্যায়ে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থান অর্জনকারী পাবেন দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা।
তিনটি বিভাগের নয়জন বিজয়ীর জন্য মোট পুরস্কারের পরিমাণ দাঁড়াবে ১৩ লাখ ৫০ হাজার টাকা। অর্থের পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
যেভাবে নিবন্ধন করবেন
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট আকারের ছবি, জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন জমা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে নাম নিবন্ধন করা যাবে।
নভেম্বর মাসজুড়ে প্রতিযোগীদের নিবন্ধন চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছবি সংগৃহীত
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি বিভাগে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।
এসি/আপ্র/১৮/১০/২০২৬