কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুইজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বিকেলে মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিখোঁজ ও হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান এ তথ্য নিশ্চিত করে বলেন, হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক গোসলে নামেন। এ সময় ভাটার স্রোতের টানে ভেসে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করলে তাদের তিনজস ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহগুলো পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে লাইফ গার্ড ও ফায়ার সার্ভিস।
কেএমএএ/আপ্র/২১.১০.২০২৬