রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দিন দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ তুলনামূলক কম থাকলেও বিশেষ আকর্ষণ হিসেবে থাকা মহিষটির খাঁচার সামনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যান্য প্রাণীর খাঁচার সামনে তেমন ভিড় না থাকলেও ‘এল–০৭’ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাঁচার সামনে মহিষটির পরিচিতি ঝুলিয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং নিচে ইংরেজিতে ‘অ্যালবিনো বাফেলো’ উল্লেখ করা হয়েছে।
পরিবার নিয়ে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচিত হওয়ার পর থেকেই তাঁরা মহিষটি দেখতে আগ্রহী ছিলেন। কেউ কেউ বলেন, বাস্তবে দেখার পর নামের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় বলেও মনে হয়েছে।
এদিকে মহিষটির খাঁচার সামনে নিরাপত্তার দায়িত্বে ট্যুরিস্ট পুলিশকে দেখা যায়। ঢাকা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, দর্শনার্থীদের ভিড় বেশি হওয়ায় নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানান, মহিষটি চিড়িয়াখানায় আনা হয়েছে মাত্র একদিন আগে। নতুন প্রাণী হওয়ায় এটি দেখতে দর্শনার্থীদের আগ্রহ তৈরি হয়েছে। তিনি আরও জানান, পরিবহনের সময় মহিষটির গায়ে সামান্য আঁচড় লেগেছিল, তবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তা সেরে যাবে।
জানা গেছে, মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হচ্ছিল। মালিকপক্ষের দাবি, মহিষটির বিশেষ ধরনের চেহারা ও চুলের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এটি নামকরণ করা হয়।
এর আগে কোরবানির ঈদকে কেন্দ্র করে মহিষটি কেরানীগঞ্জে নেওয়া হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে সেটি জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।
সানা/আপ্র/২৯/৫/২০২৬