এশিয়ার ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে সামগ্রিক শক্তিমত্তার বিচারে বাংলাদেশের অবস্থান ২০তম। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের স্কোর ৯। আগের বছরের তুলনায় এই স্কোর কমেছে ০.৪ পয়েন্ট। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ পতন। সামগ্রিক শক্তির বিচারে এশিয়ার শীর্ষ দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের চেয়ে এগিয়ে রয়েছে।
লোয়ি ইনস্টিটিউটের প্রকাশিত সূচকে স্কোরের ভিত্তিতে দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ৭০-এর বেশি স্কোর পাওয়া দেশগুলোকে ‘সুপার পাওয়ার’, ৪০-এর বেশি স্কোরধারীদের ‘মেজর পাওয়ার’, ১০-এর বেশি স্কোরধারীদের ‘মিডল পাওয়ার’ এবং ১০-এর কম স্কোরধারীদের ‘মাইনর পাওয়ার’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এ হিসাবে বাংলাদেশ ‘মাইনর পাওয়ার’ বা ক্ষুদ্র শক্তির শ্রেণিতে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত ও পাকিস্তান। সূচকে ভারতের অবস্থান তৃতীয়, স্কোর ৪০ দশমিক ৫। পাকিস্তান রয়েছে ১৬তম অবস্থানে, স্কোর ১৫। অন্যদিকে শ্রীলঙ্কা ২১তম, স্কোর ৮ দশমিক ২ এবং নেপাল ২৬তম, স্কোর ৫ দশমিক ১। অর্থাৎ সামগ্রিক শক্তির বিচারে শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ এবং নেপালের চেয়ে ছয় ধাপ এগিয়ে বাংলাদেশ।
এশিয়ার বৃহৎ শক্তিগুলোর মধ্যে চীন রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির স্কোর ৭৩ দশমিক ৬। জাপান চতুর্থ, স্কোর ৩৮ দশমিক ৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া নবম অবস্থানে রয়েছে, স্কোর ২১ দশমিক ৭।
কোন খাতে এগিয়ে বাংলাদেশ: লোয়ি ইনস্টিটিউটের সূচকে আটটি প্রধান মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা, সহনশীলতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাব।
এই আটটি ক্ষেত্রের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান ভবিষ্যৎ সম্পদে। এ ক্ষেত্রে ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, স্কোর ৬ দশমিক ৮। অর্থনৈতিক সক্ষমতা, সহনশীলতা ও সাংস্কৃতিক প্রভাবে বাংলাদেশ রয়েছে ১৭তম অবস্থানে।
অন্যদিকে সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ২২তম, প্রতিরক্ষা নেটওয়ার্কে ২১তম এবং কূটনৈতিক প্রভাবে ১৮তম। সবচেয়ে পিছিয়ে অর্থনৈতিক সম্পর্কে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২৩তম।
অর্থাৎ সামগ্রিক শক্তিমত্তায় বাংলাদেশের অবস্থান মাঝামাঝি হলেও ভবিষ্যৎ সম্পদের সম্ভাবনায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে দেশটি। তবে অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা নেটওয়ার্কের মতো ক্ষেত্রে অবস্থান উন্নত করা বড় চ্যালেঞ্জ।
সূত্র: লোয়ি ইনস্টিটিউট, এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫
সানা/আপ্র/২৩/১১/২০২৬