জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে ঐক্য গড়ার কিছু নেই, বরং বিদ্যমান ঐক্যকে আরো সুসংহত করতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের প্রায় ৩৫ মিনিটের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধিরা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। এখানে নতুন করে ঐক্য প্রতিষ্ঠার কোনো বিষয় ছিল না।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক আদর্শ, মত ও পথের পার্থক্য ভুলে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষ এক হয়েছিল। স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই সেই ঐক্য গড়ে উঠেছিল। এখন সেই ঐক্যকে আরো সুসংহত করতে হবে।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, পতিত স্বৈরাচারের অপশক্তি দেশের ভেতরে কিংবা বাইরে থেকে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে। মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে এই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়াই মতবিনিময়ের অন্যতম উদ্দেশ্য।
মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতা নিশ্চিত হবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের আলোচনায় সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়েছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শর্ত দেওয়ার মতো কোনো বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধি দল তাদের বক্তব্য তুলে ধরেছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।
সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, জাতীয় জুলাই সনদে স্বাক্ষর এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সনদটি শতভাগ বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়ে সবাইকে একমত হতে হবে।
বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হামলার প্রসঙ্গ তুলে তিনি ওই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এনসিপি নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন, প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে।
সানা/আপ্র/২৩/১১/২০২৬