হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনা থেকে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি ও লাগেজ পেতে বিলম্বের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য ও নেতারা। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে চার সংসদ সদস্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটটি ঢাকায় আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হিসাবে ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে জামায়াতের চার সংসদ সদস্যের লিখিত অভিযোগে অবতরণের সময় সকাল ৮টা ৫৫ মিনিট উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, অবতরণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বেশির ভাগ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি। ফ্লাইটটিতে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়ায় একপর্যায়ে বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান তাঁর সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন এবং ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। ভিডিওতে তাঁকে বিমানবন্দরের সেবার মান ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।
আখতারুজ্জামান পরে এ বিষয়ে বলেন, বিমানবন্দরে প্রতিদিন যাত্রীরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, ট্রলি ও লাগেজ নিয়ে সমস্যা হচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি কোনো তর্কে জড়াননি এবং আখতারুজ্জামান তাঁর কোনো উত্তর শুনতে চাননি। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন বলে জানান।
চার সংসদ সদস্যের লিখিত অভিযোগ
লাগেজ যথাসময়ে বুঝে না পাওয়া, যাত্রী হয়রানি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন জামায়াতের চার সংসদ সদস্য। অভিযোগকারীরা হলেন শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগপত্রের ছবি প্রকাশ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবার মান নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগপত্রে বলা হয়, ফ্লাইট অবতরণের পর তিন ঘণ্টা পার হলেও অধিকাংশ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ পাননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও বিলম্বের যৌক্তিক কারণ জানানো বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
জমজমের পানি দিতে দেরি, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্ব হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার নামানো এবং পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্বের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের দায়িত্বে অবহেলার বিষয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। বিষয়টি বিমান ও পর্যটন মন্ত্রীর নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ যাত্রীদের দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত মজুদ থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে বিলম্বিত কন্টেইনারটি শনাক্ত করে বাকি পানিও সরবরাহ নিশ্চিত করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি জোরদারের কথাও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সানা/আপ্র/০২/১০/২০২৬