গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু যুক্তরাষ্ট্রে, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু যুক্তরাষ্ট্রে, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই
ছবি

মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা -ছবি এপি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে এ নির্বাচনের মধ্য দিয়ে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের পাশাপাশি গভর্নর এবং অঙ্গরাজ্য আইনসভার বিভিন্ন আসনেও ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকেরা।

নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং ১০০ আসনের সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর এবং ৪৬টি অঙ্গরাজ্যের আইনসভার ৬ হাজার ১৩৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ৩৯টি অঙ্গরাজ্যে কর ও সংবিধান সংশোধনসংক্রান্ত ১৪৬টি প্রস্তাবের ওপরও ভোট দেবেন নাগরিকেরা।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বরের মূল ভোটের আগেই এবার রেকর্ড ৫ কোটি ৮০ লাখের বেশি আগাম ভোট পড়েছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট পড়েছিল ৪ কোটি ৫৯ লাখ। অঙ্গরাজ্যগুলোর মধ্যে টেক্সাসে সর্বোচ্চ ৭৭ লাখের বেশি আগাম ভোট পড়েছে। দলীয় নিবন্ধনের তথ্য প্রকাশ করা রাজ্যগুলোতে আগাম ভোটারদের ৪৩ শতাংশ ডেমোক্র্যাট, ৩২ শতাংশ রিপাবলিকান এবং ২৫ শতাংশ স্বতন্ত্র।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, ২০২৬ সালের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য মার্কিন নাগরিকের সংখ্যা প্রায় ২৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার, যা ২০২২ সালের তুলনায় ৩ শতাংশ বেশি। ভোটারদের মধ্যে ৬১ শতাংশ শ্বেতাঙ্গ, ১৬ শতাংশ হিস্পানিক, ১২ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ৫ শতাংশ এশীয় আমেরিকান।

নির্বাচনে বিজয়ী নতুন সদস্যরা ২০২৭ সালের ৩ জানুয়ারি ১২০তম কংগ্রেসে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী দুই বছর ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণ ও ক্ষমতার ভারসাম্য অনেকটাই নির্ভর করবে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, তার ওপর।

দুই কক্ষ হারালে চাপে পড়তে পারেন ট্রাম্প: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের জন্য আইন প্রণয়ন ও সরকার পরিচালনা কঠিন হয়ে উঠতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে রিপাবলিকানদের পক্ষে তাদের সমর্থন ছাড়া কোনো আইন পাস করা কঠিন হবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার ক্ষমতাও পাবে বিরোধী দল। বিভিন্ন সরকারি নথি ও সাক্ষী তলব করতে পারবেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এমনকি ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

সিনেটের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য আরেক ধরনের বাধা তৈরি হতে পারে। মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রদূত ও কেন্দ্রীয় বিচারপতিদের নিয়োগ অনুমোদনের দায়িত্ব সিনেটের। ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগ আটকে দিতে পারবেন। পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রেও হোয়াইট হাউসকে সমঝোতায় আসতে বাধ্য করতে পারেন তাঁরা।

অন্যদিকে রিপাবলিকানরা কংগ্রেসের একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখলেও সংখ্যাগরিষ্ঠতা কমে গেলে আইন পাসে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে কোনো প্রস্তাব অনুমোদনের জন্য নিজ দলের প্রায় সব সদস্যের সমর্থন প্রয়োজন হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে।

কোন কোন বিষয়ে তদন্ত হতে পারে: দ্য গার্ডিয়ানের রাজনৈতিক প্রতিবেদক জোসেফ গিডিয়নের বিশ্লেষণ অনুযায়ী, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেলে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত শুরু করতে পারেন।

এর মধ্যে রয়েছে ট্রাম্প পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া এ বিষয়টিকে অগ্রাধিকার দিতে চান। এ ছাড়া প্রতিনিধি জেমি রাসকিন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য চেয়েছেন।

জেফরি এপস্টিন-সংশ্লিষ্ট নথি প্রকাশ নিয়েও নতুন করে তদন্তের সুযোগ রয়েছে। প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না ও রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসির যৌথ উদ্যোগে গত বছর যৌন অপরাধী এপস্টিন-সংশ্লিষ্ট লাখ লাখ নথি প্রকাশে বাধ্য হয় বিচার বিভাগ। তবে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব নথি প্রকাশ করা হয়নি। প্রায় ৬০ লাখ পৃষ্ঠার মধ্যে ৩৫ লাখ পৃষ্ঠা প্রকাশ করা হয়। বাকি নথিগুলো একই ধরনের হওয়ায় প্রকাশ করা হয়নি বলে জানানো হয়েছিল।

প্রকাশিত কিছু নথিতে অতিরিক্ত তথ্য গোপন এবং ভুলবশত ভুক্তভোগীদের নাম প্রকাশের ঘটনায় দুই দলের আইনপ্রণেতারাই উদ্বেগ জানিয়েছেন। এ নিয়ে বিচার বিভাগের বিরুদ্ধে মামলাও হয়েছে। এপস্টিন ইস্যুতে কংগ্রেসের ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমারের নেতৃত্বে দুই দলের সদস্যদের মধ্যে সহযোগিতাও দেখা গেছে। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলেও এ তৎপরতা অব্যাহত থাকতে পারে।

প্রতিরক্ষা খাতের ব্যয় নিয়েও তদন্তের কথা বলেছেন কলোরাডোর কংগ্রেস সদস্য জেসন ক্রো। সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য এবং প্রতিনিধি পরিষদের দুর্নীতিবিরোধী ককাসের সহসভাপতি ক্রোর অভিযোগ, প্রতিরক্ষা খাতের অর্থ ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পেছনে ব্যয় করা হচ্ছে। তদন্তের শুরুতেই পেন্টাগনের ব্যয়ের বিষয়ে নজর দিতে চান তিনি।

অভিশংসনের বিষয়টিও আলোচনায় রয়েছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস বলেছেন, ট্রাম্পের অভিশংসনের সম্ভাবনা তাঁরা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। অন্যদিকে রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা প্রথম দিন থেকেই অভিশংসনের উদ্যোগ নিতে পারেন। সূত্র: আনাদোলু এজেন্সি ও দ্য গার্ডিয়ান
সানা/আপ্র/০৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নির্বাচনে হারলে সব বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প
০৩ নভেম্বর ২০২৬

নির্বাচনে হারলে সব বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের উত্থাপ...

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর
০৩ নভেম্বর ২০২৬

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর

ইসরায়েলের জাতীয় নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ভোট কারচুপি, ঘুষ ও বিদেশি অর্থায়নের...

যে মোরগের লেজের পালক লম্বা হয় ৫০ ফুট
০৩ নভেম্বর ২০২৬

যে মোরগের লেজের পালক লম্বা হয় ৫০ ফুট

পৃথিবীতে নানা প্রজাতির পাখি থাকলেও জাপানের ওনাগাদোরি মোরগ-মুরগি একেবারেই ব্যতিক্রম। বিরল এই প্রজাতির...

বাইন্যান্সে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার
০৩ নভেম্বর ২০২৬

বাইন্যান্সে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই