যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের পাস করা বিল আটকে দিতে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন।
দ্য নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস পরিচালনার ক্ষেত্রে তাঁর কৌশল কী হবে - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় আমি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠব। আমি তাদের এটি ধ্বংস করতে দেব না।’
ট্রাম্প জানান, ডেমোক্র্যাটদের পাঠানো বিলগুলোতে তিনি ভেটো দেবেন। এভাবে এক বা দুই মাস ধরে বিল আটকে রাখার পর ডেমোক্র্যাটরা আলোচনায় বসতে বাধ্য হবে এবং শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, ‘তারা জিনিসপত্র পাঠাতে থাকবে। আপনি সেগুলোতে ভেটো দেবেন। এবং শেষ পর্যন্ত, এক বা দুই মাস ধরে সবগুলোতে ভেটো পড়ার পর যখন তারা দেখবে এটি কেবল সময় নষ্ট, তখন তারা এগিয়ে আসবে এবং আপনারা একটি সমঝোতায় পৌঁছাবেন।’
তবে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘যদি আমরা না জিতি, আমার বিশ্বাস আমরা দারুণ করব, কিন্তু যদি আমরা না জিতি, আমি সবকিছুর ওপর ভেটো দেব। আমি কেবল ভেটো দিতেই থাকব।’
চলতি মেয়াদে এখন পর্যন্ত দুইবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন ট্রাম্প। তাঁর প্রথম মেয়াদে ভেটো দিয়েছিলেন ১০টি বিলে। মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে ভেটো দিতে পারেন। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্য বিলটির পক্ষে ভোট দিলে সেই ভেটো অকার্যকর করা সম্ভব।
সাক্ষাৎকারে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সুযোগ পেলে আমি আবারও লড়তে পছন্দ করতাম, কিন্তু এখানকার ভাষা বা নিয়ম অত্যন্ত কঠোর।’ যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।
মঙ্গলবার ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে খুবই সংকীর্ণ। এই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের তিনটি আসন বাড়াতে হবে। সূত্র: এনডিটিভি
সানা/ডিসি/আপ্র/০২/১১/২০২৬