আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয়। গত রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নাহিন আহমেদ মমতাজি। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল ফরাজী। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুব উন্নয়ন বিভাগের তালিকাভুক্ত বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রধান অতিথি ও প্রধান আলোচক বলেন, দেশের বিপুলসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে জাতীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণই উন্নতির অন্যতম চাবিকাঠি। তাই যুবসমাজকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে কর্মমুখী করে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আ. মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির সরকার, ডা. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব সংগঠনের নেতা আমানউল্লাহ, আরিফ সরকার, মাহমুদা রহমান ইভা, তাহের প্রধান, কামরুজ্জামান শেখ, স্বপন মাহমুদ ও শাকিল মাহমুদ।
সানা/কেএমএএ/আপ্র/০২/১১/২০২৬