গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, নীতিগত বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে কাজ করার লক্ষ্য নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যাত্রা শুরু করেছে ক্যারিয়ার-ভার্সের শাখা। এক বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পর সংগঠনটির ২০২৬-২০২৭ মেয়াদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আইরিন আক্তার লাবণ্য। সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মোবাশ্বির রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পলিসি হ্যাকাথন ২০২৫-এর চ্যাম্পিয়ন দলের উদ্যোগে ক্যারিয়ার-ভার্সের কার্যক্রম শুরু হয়। গত এক বছর ধরে সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নীতিনির্ধারণী বিষয়ে চিন্তাভাবনা এবং কর্মজীবনের প্রস্তুতিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বেরোবি শাখা।
ইয়ুথ ফর পলিসি ও ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্টের সঙ্গে সম্পৃক্ত এ উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের নতুন সম্ভাবনা তৈরি, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। প্রচলিত ক্যারিয়ার ক্লাবের কার্যক্রমের বাইরে গিয়ে পেশাগত দক্ষতার পাশাপাশি নীতিগত বিশ্লেষণ, সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তাভাবনা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে কাজ করতে চায় সংগঠনটি।
নবনির্বাচিত সভাপতি আইরিন আক্তার লাবণ্য বলেন, ক্যারিয়ার-ভার্স বেরোবি শাখার প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য আনন্দের পাশাপাশি বড় দায়িত্ব। শিক্ষার্থীরা যেন কেবল প্রচলিত চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের সক্ষমতা বিকশিত করতে পারেন, সে লক্ষ্যেই তারা কাজ করবেন। শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনা তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করাও সংগঠনের অন্যতম লক্ষ্য।
সাধারণ সম্পাদক মোবাশ্বির রহমান বলেন, একটি কার্যকর ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন, নীতিনির্ধারণী বিষয়ে ধারণা লাভ এবং নিজেদের পেশাগত সম্ভাবনা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে। প্রতিটি উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নতুন ধারণাকে গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে ক্যারিয়ার-ভার্সের বেরোবি শাখা শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ এবং কর্মজীবনের প্রস্তুতিতে ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন ধারণা, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিকাশের একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি গড়ে উঠবে।
সানা/কেএমএএ/আপ্র/০২/১১/২০২৬