পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে চালানো অভিযানে আরো ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে হতাহতের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহত ও আহতদের মধ্যে ইসলামিক স্টেটের যোদ্ধারাও ছিলেন। তাদের অধিকাংশই সাবেক আফগান সরকারের নিরাপত্তাকর্মী বলে দাবি করা হয়েছে। আফগান কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তানের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী ওই সশস্ত্র দলটিকে সহায়তা করেছিল।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শনিবার পাকিস্তান সীমান্তসংলগ্ন নুরিস্তানের কামদেশ এলাকায় বড় ধরনের হামলা চালানোর উদ্দেশ্যে ওই দলটি সীমান্ত অতিক্রম করে। খবর পেয়ে আফগান বাহিনী অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে বেঁচে যাওয়া যোদ্ধারা পাকিস্তানের দিকে ফিরে পালিয়ে যায়।
কাবুলের দাবি, পাকিস্তানের সামরিক ও মিলিশিয়া সদস্যরা প্রাথমিকভাবে ওই যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করলেও সংঘর্ষ তীব্র হলে তারা পিছু হটে। আফগান কর্তৃপক্ষ আরো অভিযোগ করেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সাবেক আফগান নিরাপত্তাকর্মীদের সহায়তার কথা বলে পাকিস্তানে নিয়ে প্রশিক্ষণ দেয় এবং পরে তাদের নুরিস্তানে পাঠায়।
তবে পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় রোববার আফগান কর্তৃপক্ষের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা নুরিস্তানের সংঘর্ষে জড়িত ছিল না। সাবেক আফগান নিরাপত্তাকর্মীদের নিয়োগ বা প্রশিক্ষণ এবং ইসলামিক স্টেট বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগও তারা অস্বীকার করেছে।
রয়টার্স জানিয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হতাহতের সংখ্যা কিংবা পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে পাকিস্তান তাদের সম্পৃক্ততার প্রমাণ হিসেবে দেখানোর অভিযোগও প্রত্যাখ্যান করেছে। ভিডিওটির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে, দেশটি পাকিস্তানে হামলাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। কাবুল এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
নুরিস্তানের সর্বশেষ সংঘর্ষের ঘটনা এমন সময়ে ঘটল, যখন দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত ২১ সেপ্টেম্বর পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে ২৮ জন জঙ্গি নিহতের দাবি করেছিল। তবে আফগান কর্তৃপক্ষ বেসামরিক লোকজন নিহত হওয়ার অভিযোগ করে। জাতিসংঘের আফগানিস্তান মিশনও ওই হামলায় তিন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২৮/৯/২০২৬