ছবি সংরক্ষণ, খুঁজে বের করা ও সম্পাদনার কাজ আরো সহজ করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন সুবিধা। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি অনুসন্ধান থেকে শুরু করে পোশাকের ডিজিটাল সংগ্রহ তৈরি, ছবির ধরন পরিবর্তন এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার সুবিধাও থাকছে এতে।
নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে জেমিনি, ডিজিটাল ওয়ারড্রোব, মুডস, রিমিক্স টেমপ্লেটস এবং উন্নত মার্কআপ। তবে সব সুবিধা একসঙ্গে সব দেশের ব্যবহারকারীরা পাবেন না। নির্দিষ্ট কিছু সুবিধা প্রথমে নির্বাচিত দেশ ও গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে।
জেমিনি দিয়ে ছবি খোঁজা ও সম্পাদনা
গুগল ফটোসের সংগ্রহে অসংখ্য ছবি থাকলে প্রয়োজনীয় ছবিটি খুঁজে বের করতে দীর্ঘ সময় লাগতে পারে। নতুন জেমিনিনির্ভর সুবিধা ব্যবহারকারীদের সেই কাজ সহজ করতে সাহায্য করবে।
নির্দিষ্ট নির্দেশনা দিলেই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় প্রয়োজনীয় ছবি খুঁজে পাওয়া যাবে। একই সঙ্গে ছবিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনার সুযোগও থাকবে।
তবে সুবিধাটি এখনই সবার জন্য উন্মুক্ত হচ্ছে না। প্রাথমিকভাবে নির্দিষ্ট গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকেরা এটি ব্যবহারের সুযোগ পাবেন। পরবর্তী সময়ে আরও দেশে সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে।
ছবির পোশাক নিয়ে তৈরি হবে ডিজিটাল সংগ্রহ
নতুন ডিজিটাল ওয়ারড্রোব সুবিধার মাধ্যমে ছবিতে থাকা পোশাক শনাক্ত করে সেগুলোর আলাদা ডিজিটাল সংগ্রহ তৈরি করা যাবে। ফলে নিজের সংগ্রহে কোন কোন পোশাক রয়েছে, তা জানতে বারবার পুরোনো ছবি খুঁজতে হবে না।
শুধু পোশাকের সংগ্রহ তৈরিই নয়, বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন সাজ তৈরির সুযোগও থাকবে। এমনকি কোনো পোশাক পরলে নিজেকে কেমন দেখাবে, সেটিও ভার্চুয়াল পদ্ধতিতে দেখে নেওয়া যাবে।
প্রাথমিকভাবে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হচ্ছে।
মুডস বদলে দেবে ছবির সামগ্রিক রূপ
ছবিতে ভিন্ন ধরনের আবহ তৈরি করতে যুক্ত হচ্ছে মুডস নামের নতুন সুবিধা। এর মাধ্যমে সাধারণ ছবিকে ৩৫ মিলিমিটার ফিল্ম কিংবা দুই হাজারের দশকের ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির আদলে সাজানো যাবে।
সাধারণ ছবির ছাঁকনি ব্যবহারের মাধ্যমে মূলত রঙের পরিবর্তন আনা হয়। তবে মুডসের লক্ষ্য হলো নির্বাচিত ধরন অনুযায়ী ছবির সামগ্রিক দৃশ্যমান রূপ বদলে দেওয়া।
বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে।
নতুন ১৫ টেমপ্লেটে সহজ হবে ছবি সম্পাদনা
গুগল ফটোসে যুক্ত হচ্ছে ১৫টি নতুন রিমিক্স টেমপ্লেট। এগুলো ব্যবহার করে সাধারণ ছবিতে বিভিন্ন নকশা যোগ করা কিংবা নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে নতুন ধরনের ছবি তৈরি করা যাবে।
উদাহরণস্বরূপ, জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোনো ছবি দিয়ে আকর্ষণীয় কার্ড তৈরি করতে চাইলে নতুন টেমপ্লেটগুলো ব্যবহার করা যাবে।
এতে ছোটখাটো সৃজনশীল কাজের জন্য আলাদা ছবি সম্পাদনার অ্যাপের ওপর নির্ভরতা কিছুটা কমতে পারে।
ব্যক্তিগত তথ্য গোপন রাখতে উন্নত মার্কআপ
গুগল ফটোসের মার্কআপ ব্যবস্থাতেও আনা হচ্ছে পরিবর্তন। নতুন রিডাক্ট পেন ব্যবহার করে ছবি কিংবা পর্দার ধারণকৃত চিত্রে থাকা ব্যক্তিগত ও গোপন তথ্য ঢেকে রাখা যাবে।
পাশাপাশি ছবি বা পর্দার ধারণকৃত চিত্রের ওপর আঁকাআঁকি করার সময় কলমের পুরুত্ব নিয়ন্ত্রণের সুবিধা থাকছে। ছবিতে লেখা যুক্ত করার জন্য নতুন অক্ষরশৈলীও যোগ করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মার্কআপের এসব নতুন সুবিধা চালু করা হচ্ছে।
নতুন পাঁচটি সুবিধার মাধ্যমে গুগল ফটোসকে শুধু ছবি সংরক্ষণের মাধ্যম হিসেবে নয়, বরং ছবি অনুসন্ধান, ব্যক্তিগত পোশাকের সংগ্রহ ব্যবস্থাপনা, সৃজনশীল সম্পাদনা এবং তথ্যের গোপনীয়তা রক্ষার একটি সমন্বিত মাধ্যম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে গুগল।
এসি/আপ্র/২৯/৯/২০২৬