গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেছেন, নজরুলের সাহিত্য ও জীবনদর্শন আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য নজরুলের সাহিত্য ও জীবনদর্শন চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন বেরোবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের পরিচালক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। ‘নজরুল বর্ষ উদযাপন কমিটি ২০২৬’-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, বিদ্রোহী চেতনা, সাম্যবাদী দর্শন ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন আজও সমান প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দিতে নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন রয়েছে।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সানা/আপ্র/০৩/১১/২০২৬