চীনের গুয়াংজুর সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব আরো গভীর ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) চীনের গুয়াংজুর সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার করা এবং শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি করা।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে যৌথ গবেষণা, বৃত্তি, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের ওপর গুরুত্ব দিতে হবে।
পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টেকসই একাডেমিক অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া অংশ নেন।
চীনের পক্ষ থেকে অংশ নেন গুয়াংডং প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান পরিদর্শক শু শিমিন, বিনিময় ও সহযোগিতা অফিসের উপপরিচালক ঝৌ লিউইউ, চীন–বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী, সহসচিব ওয়াং পেং, পরামর্শক ঝেং পেংউ এবং সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটির সহসভাপতি অধ্যাপক ইয়াং চেংওয়েই। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।
শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন তার বক্তব্যে দেশের পরিবর্তনশীল শিক্ষা চাহিদার কথা তুলে ধরেন। তিনি কারিগরি শিক্ষা, গবেষণা সহযোগিতা, বিশ্ববিদ্যালয় অংশীদারত্ব এবং চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বাংলাদেশে চীনা ভাষা কেন্দ্র স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে গুয়াংডং প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান পরিদর্শক শু শিমিন গুয়াংডং প্রদেশের আন্তর্জাতিক শিক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে গুয়াংডংয়ে পড়াশোনার সুযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সম্মেলনে জানানো হয়, ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে গুয়াংডং প্রদেশে ২৬১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন। এছাড়া ২০২৫ সালে ২০ জন বাংলাদেশি শিক্ষার্থী গুয়াংডং সরকারের বৃত্তি পেয়েছেন।
সম্মেলন শেষে উভয় পক্ষ বিশ্ববিদ্যালয় সহযোগিতা, একাডেমিক বিনিময় এবং দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারত্ব আরো বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।
এসি/আপ্র/২৬/০৮/২০২৬