তারেক মাহমুদ: লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েল হোসেন নিরব নামে স্বেচ্ছাসেবক দল এক নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানিয়েছেন, হামলার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।
আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল সভাপতি এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
দলীয় একটি গোপন সূত্রের দাবি, এর আগে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে শাহেদ ও জুয়েলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলের ওপর হামলা চালান শাহেদ। পরে আত্মরক্ষার জন্য জুয়েল হাসপাতালের ভেতরে গেলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি কিল-ঘুষি ও লাথি মেরে তাঁকে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপচন্দ্র পাল বলেন, “হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।”
তবে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। হাসপাতালের ভেতরে কোনো ধরনের সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৬/১০/২০২৬