মিজানুর রহমান: মাগুরা পৌরসভার মোল্লাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের দুই ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মাঠপাড়া এলাকার একটি বড় পুকুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশু হলো মাগুরা পৌরসভার মোল্লাপাড়া এলাকার ইমন বিশ্বাসের ছেলে হুজায়ফা (৯) এবং তাঁর আপন চাচা অন্তর বিশ্বাসের ছেলে ইয়াছিন (৯)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পরিবারের স্বজনেরা জানান, সকালে খাবার খেয়ে দুই শিশু খেলতে বের হয়। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মাঠপাড়া এলাকার একটি বড় পুকুরের পাশে আরো দুজনের সঙ্গে তারা খেলছিল। খেলার একপর্যায়ে হুজায়ফা ও ইয়াছিন পানিতে পড়ে যায়। এ সময় হুজায়ফার ছোট বোন তাদের অনেক ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সে।
খবর পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সানা/আপ্র/২৬/১০/২০২৬