লক্ষ্মীপুরের সদর উপজেলার মৌজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চর রমনী মোহন ইউনিয়নের মৌজুচৌধুরীর হাটে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেছেন, এ ঘটনায় তাঁদের সংগঠনের কেউ জড়িত নন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রোববার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ৩০ জনের একটি দল একে একে ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুরের পাশাপাশি ক্যাশে থাকা টাকা লুট করা হয়।
অভিযোগকারীরা জানান, চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, চাঁদা দাবি করার পর তা না পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালান। তবে হামলা ও লুটপাটের ঘটনায় কারা সরাসরি জড়িত, তা তদন্ত করে নিশ্চিত হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, স্বার্থসংশ্লিষ্ট কারণে কেউ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন। তবে এ ঘটনায় তাঁদের সংগঠনের কেউ জড়িত নন।
ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তদন্ত করে তাঁদের আইনের আওতায় আনা হবে।
সানা/আপ্র/২৬/১০/২০২৬