টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মূকাভিনয় শিল্পের চর্চা, বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনে এর গুরুত্ব নিয়ে ‘ভাব, আবেগ’ শীর্ষক এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগারে নাট্যসংগঠন নাট্যভূমির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম মূকাভিনয় শিল্পী হিসেবে পরিচিত দেওয়ান মামুন।
অনুষ্ঠানে মূকাভিনয়ের প্রকাশভঙ্গি, শরীরী ভাষার মাধ্যমে মানুষের অনুভূতি ও ভাব প্রকাশ এবং নাট্যচর্চায় এ শিল্পমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। আলোচকেরা মূকাভিনয় চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের কাছে এ শিল্পমাধ্যমকে পরিচিত করে তোলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যভূমির প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভন। আড্ডায় উপস্থিত ছিলেন টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, আবৃত্তি ও অভিনয়শিল্পী মোস্তফা কামাল বাদল, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, কবি আতিক শাহরিয়ার, অভিনয়শিল্পী অমল কৃষ্ণ রায়, মজিবুর রহমান সালাম খান তরুণ, মো. সুলতান মাহমুদ, শাহ আলম সজল, জহিরুল ইসলাম দুখু, নুসরাত জাহান শুদ্ধি, সাজিন সাইফ ও সামিত সায়হানসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে মূকাভিনয় ও মঞ্চশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখার কর্মীদের মধ্যে পারস্পরিক ভাববিনিময় বাড়বে এবং টঙ্গীর স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরো গতিশীল হবে।
সানা/আপ্র/২৬/১০/২০২৬