মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: শীতের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন জলাশয়ে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি, যা অতিথি পাখি নামে পরিচিত। এসব পাখির নিরাপদ বিচরণ ও আবাসস্থল নিশ্চিত করতে জলাশয়ে মাছ ধরা, পাখির আবাসস্থলের পাশে গাড়ি পার্কিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং পাখিদের বিরক্ত করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত আসন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিব্রাজক পাখির আগমন শুরু হয়েছে। জলাশয়গুলো পাখিদের অবাধ বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। পাখিদের জন্য এসব জলাশয় ইতোমধ্যে বাসযোগ্য করে গড়ে তোলা হয়েছে। তাদের নিরাপদ আবাসস্থল ও অভয়ারণ্য নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের পাখিদের নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া এবং উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া পাখিদের ভয়ভীতি দেখানো এবং জলাশয়ে পানির বোতল ও পলিথিন ফেলার মতো কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, পাখিদের প্রতি মানুষের ভালোবাসা ও মমত্ববোধ তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছে প্রশাসন।
সানা/আপ্র/২৫/১০/২০২৬