মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি নিজের একখণ্ড জমি কিংবা মাথা গোঁজার নিরাপদ ঠিকানা। এই স্বপ্ন পূরণে কেউ সারা জীবনের সঞ্চয় ব্যয় করেন, কেউ জমি বিক্রি করেন, কেউবা ঋণ নিয়ে প্লট কিংবা ফ্ল্যাট কেনেন। অথচ সেই স্বপ্নের বাজারেই যদি গড়ে ওঠে প্রতারণা, জবরদখল, সন্ত্রাস, অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক প্রভাবের এক ভয়ংকর চক্র, তাহলে নাগরিকের নিরাপত্তা কোথায়? বাংলাদেশের বেসরকারি আবাসন খাতের একাংশে এমনই উদ্বেগজনক বাস্তবতার চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক গবেষণায়। রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে আবাসন খাতে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার পর্যবেক্ষণ নিছক কোনো অভিযোগ নয়; এটি রাষ্ট্রীয় সুশাসন, আইনের শাসন ও নাগরিক অধিকার রক্ষার জন্য গুরুতর সতর্কবার্তা।
আবাসন ব্যবসা মানুষের মৌলিক চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। টিআইবির তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় এক লাখ ৩৭ হাজার কোটি টাকা। কিন্তু এই বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ডের আড়ালে একাংশের ব্যবসায়িক অনৈতিকতা মানুষের জীবনকে বিপর্যস্ত করছে। পত্রিকায় আকর্ষণীয় বিজ্ঞাপন, মনোমুগ্ধকর প্রকল্পের নকশা, সহজ কিস্তি ও দ্রুত হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়। অথচ জমির মালিকানা, প্রকল্পের অনুমোদন কিংবা বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত না করেই প্লট-ফ্ল্যাট বিক্রির অভিযোগ রয়েছে। একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, বরাদ্দ পরিবর্তন, চুক্তির পর অতিরিক্ত অর্থ দাবি, বছরের পর বছর হস্তান্তর ঝুলিয়ে রাখা এবং জমাকৃত অর্থ ফেরত না দেওয়ার মতো প্রতারণায় নিঃস্ব হচ্ছেন বহু পরিবার। কারো সারা জীবনের সঞ্চয় শেষ হচ্ছে, কেউ ঋণের বোঝায় বিপর্যস্ত হচ্ছেন। আর্থিক বিপর্যয়ের সঙ্গে যুক্ত হচ্ছে মানসিক যন্ত্রণা ও পারিবারিক অস্থিরতা।
সমস্যা শুধু ক্রেতা ঠকানোয় সীমাবদ্ধ নয়। জমির প্রকৃত মালিকদের ভয়ভীতি দেখানো, বাজারমূল্যের চেয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করা, জোরপূর্বক দখল এবং সন্ত্রাসী বাহিনী ব্যবহারের অভিযোগও দীর্ঘদিনের। ভূমি নিয়ে বিরোধে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর হাতিরঝিলে ফ্ল্যাটের বাটোয়ারা নিয়ে বিরোধের মধ্যে আবাসন প্রতিষ্ঠানের লোকজনের হামলার অভিযোগে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম তামিম নিহত হন। ২০২১ সালে ধামরাইয়ে জমি দখলের অভিযোগে একটি আবাসন প্রকল্পের ১১ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার হয়েছিলেন। এসব ঘটনা প্রমাণ করে, আবাসনের নামে ভূমি নিয়ে বিরোধ কখনো কখনো কতটা ভয়াবহ রূপ নিতে পারে।
টিআইবির ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালিত গবেষণায় জমি নির্বাচন, ক্রয়, দখল, প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও প্লট হস্তান্তর-প্রতিটি পর্যায়ে পদ্ধতিগত অনিয়মের চিত্র উঠে এসেছে। তিন শতাধিক প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ এবং ২০টির সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। বিজ্ঞাপিত মূল্যের বাইরে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি দপ্তরে নিয়মবহির্ভূত লেনদেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমোদন আদায়ের অভিযোগও রয়েছে। অর্থাৎ সমস্যাটি কেবল অসাধু ব্যবসায়ীর নয়; এর সঙ্গে জড়িয়ে আছে নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা ও প্রাতিষ্ঠানিক যোগসাজশ।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রথমেই প্রয়োজন আবাসন খাতে আইনের শাসন প্রতিষ্ঠা। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা যুগোপযোগী করে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। প্রকল্পের অনুমোদন, জমির মালিকানা, নিবন্ধন, নকশা, অর্থনৈতিক সক্ষমতা ও বাস্তবায়নের অগ্রগতি যাচাই না করে বিজ্ঞাপন কিংবা বিক্রির অনুমতি দেওয়া যাবে না। প্রতিটি বিজ্ঞাপনে প্রকৃত মূল্য, উন্নয়ন ব্যয়, ইউটিলিটি চার্জ, হস্তান্তরের সময়সীমা এবং অর্থ ফেরতের শর্ত স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করতে হবে। জমি ক্রয় থেকে প্লট-ফ্ল্যাট বিক্রি পর্যন্ত সব আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন এবং কোম্পানির বার্ষিক নিরীক্ষা ও আর্থিক তথ্য প্রকাশ নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সেবা সংস্থার সমন্বয়ে শক্তিশালী তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। অভিযোগ নিষ্পত্তির জন্য স্বাধীন জাতীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত ক্রেতা ও ভূমিমালিকেরা দ্রুত প্রতিকার পান। অবৈধ দখল, জাল দলিল, প্রতারণা, অর্থ আত্মসাৎ কিংবা সন্ত্রাসী বাহিনী ব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট উদ্যোক্তা, সহযোগী, রাজনৈতিক প্রভাবশালী এবং অসাধু সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের নিবন্ধন ও প্রকল্পের অনুমোদন বাতিল, সম্পদ জব্দ এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য সহজ আইনি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা জরুরি।
তৃতীয়ত, জমির মালিকদের সম্মতি ও ন্যায্য মূল্য নিশ্চিত না করে কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। কৃষিজমি, জলাভূমি, খাল ও প্রাকৃতিক জলাধার দখল করে আবাসন গড়ে তোলার প্রবণতা বন্ধ করতে হবে। টিআইবির ১৩ দফা সুপারিশ বাস্তবায়নে সরকারকে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
মনে রাখতে হবে, আবাসন কোনো সন্ত্রাসী সাম্রাজ্য নয়, এটি মানুষের নিরাপদ আশ্রয়ের অধিকার। মানুষের সারা জীবনের সঞ্চয় নিয়ে ছিনিমিনি খেলা, জমি কেড়ে নেওয়া কিংবা প্রতারণার মাধ্যমে পরিবারকে নিঃস্ব করে দেওয়ার সুযোগ কোনো সভ্য রাষ্ট্রে থাকতে পারে না। রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ প্রশাসন ও কঠোর জবাবদিহি ছাড়া এই মাফিয়াতন্ত্রের অবসান সম্ভব নয়। প্রশ্ন তাই শুধু প্রতিকার করবে কে, তা নয়; রাষ্ট্র আর কত দিন এই অনিয়মের দায় এড়িয়ে যাবে? মানুষের আবাসনের স্বপ্ন রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আর বিলম্ব নয়।