অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে ১৫ বছরের পথচলায় প্রথমবারের মতো স্কোয়াড থেকে বাদ পড়লে নাথান লায়ন। তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অজিরা। তার জায়গায় সুযোগ পেয়েছেন কোরি রকাচোলি।
২০১১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক হওয়ার পর নিয়মিত খেলে গেছেন। ১৪৫ টেস্ট খেলার পর এবারই প্রথমবারের মতো বাদ পড়লেন তিনি। ২০১৩ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত টানা ১০০টি টেস্ট খেলার কীর্তিও রয়েছে তার।
টেস্ট ইতিহাসে প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন লায়ন। তবে ২০২৩ সালের অ্যাশেজে পায়ের পেশির চোটে পড়ে সেই ধারায় ছেদ পড়ে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পাওয়ার পর সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি লায়ন। ১৪৫ ম্যাচে তার শিকার ৫৭৭ উইকেট। তার ওপরে রয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন, যার ঝুলিতে আছে ৭০৮ উইকেট।
তবে ২০২৬ সালে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় নির্বাচকদের আস্থা হারিয়েছেন এই স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে লায়নকে বাদ দেওয়া হলেও জাতীয় দলে ফেরার দরজা বন্ধ করেনি অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
তবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের স্পিনার হিসেবে তার ১৩ বছরের ধারাবাহিকতার অবসান হলো। আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে, বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর মেলবোর্নে এবং শেষ টেস্ট শুরু হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি সিডনিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, কোরি রকাচোলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।
ডিসি/আপ্র/২৮/১১/২০২৬