টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এসআই হানিফ মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শাওন ওরফে কাইল্যা শাওন ও তার সহযোগী সাগরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদের নেতৃত্বে খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাওন ও তার সহযোগী সাগরকে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে শাওন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে পালানোর চেষ্টা করে। ছুরিকাঘাতে আহত হলেও হানিফ শাওনকে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় শাওন ও সাগরকে থানায় নেওয়া হয়।
হামলায় গুরুতর আহত এসআই হানিফকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। ছিনতাই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সানা/আপ্র/৭/১০/২০২৬