গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

বন্দর রক্ষায় কাউকে ছাড় নয়: বন্দর রক্ষা কমিটি

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫১ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৪৭ এএম ২০২৬
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে প্রস্তাবিত ১৫ বছরের কনসেশন চুক্তির প্রক্রিয়া বাতিল এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু বলেন, গত ১ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবকাঠামো হওয়া সত্ত্বেও বিষয়টি ‘বিবিধ’ এজেন্ডায় উপস্থাপন করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন মূল এজেন্ডায় বিস্তারিতভাবে উপস্থাপন ও আলোচনা করা হলো না, সেই প্রশ্নও তোলেন তিনি।

ফজলুল কবির মিন্টু বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি, রাজস্ব, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। এনসিটি বন্দরের অন্যতম প্রধান কনটেইনার টার্মিনাল। ফলে এটিকে ১৫ বছরের জন্য কনসেশনে দেওয়ার বিষয়টি সাধারণ প্রশাসনিক বা বাণিজ্যিক সিদ্ধান্ত নয়।

তার দাবি, এ ধরনের সিদ্ধান্তের আগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার সম্ভাব্য আয়, সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং কনসেশনে দেওয়া হলে রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক সুবিধা - এসব বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তুলনামূলক মূল্যায়ন করা প্রয়োজন। সেই মূল্যায়ন জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তিনি।

বন্দর রক্ষা কমিটি জানায়, তারা বিদেশি বিনিয়োগ বা আধুনিক প্রযুক্তির বিরোধিতা করে না। তবে জাতীয় কৌশলগত অবকাঠামোর দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, রাজস্ব, কর্মসংস্থান, শ্রমিক-কর্মচারীদের অধিকার এবং ভবিষ্যৎ নীতিগত স্বাধীনতা যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

একই সঙ্গে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ২০২৩ সালের ডিসেম্বরে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে করা ২২ বছরের চুক্তির অভিজ্ঞতা নতুন কোনো দীর্ঘমেয়াদি চুক্তির আগে পর্যালোচনার দাবি জানিয়েছে সংগঠনটি।

ফজলুল কবির মিন্টু বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন, তা জনগণের সামনে পরিষ্কার করা দরকার।

তিনি বলেন, এ ধরনের চুক্তি দেশের অর্থনীতি, রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় কৌশলগত স্বার্থে কী ধরনের সুবিধা ও ঝুঁকি তৈরি করতে পারে, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন জনসম্মুখে প্রকাশ না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন, প্রতীকী অনশন, কালো ও লাল পতাকা মিছিল, মশাল মিছিল, বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আহ্বান এবং প্রয়োজনে জাতীয় সংলাপের প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেছে কমিটি।

বন্দর রক্ষা কমিটি বলেছে, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের উদ্বেগ তুলে ধরা, রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই তাদের আন্দোলনের উদ্দেশ্য।

এ কারণে এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ডের প্রস্তাবিত ১৫ বছরের কনসেশন চুক্তির প্রক্রিয়া বাতিল, সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেওয়া নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্দর শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ইজারাবিরোধী আন্দোলনে যুক্ত শ্রমিক ও শ্রমিক নেতাদের হয়রানিমূলক বদলি বা অন্য কোনো ধরনের প্রশাসনিক হয়রানি না করার দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হবে। ওই সময়ের মধ্যে সরকার এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি থেকে বৃহত্তর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সঙ্গে এনসিটি ও সিসিটি ইজারাবিরোধী আন্দোলনে যুক্ত সব প্ল্যাটফরম, সংগঠন ও জোটের প্রতি সংহতি প্রকাশ করে চট্টগ্রাম বন্দর ও জাতীয় সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছে কমিটি।

বন্দর রক্ষা কমিটি বলেছে, চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট অঞ্চলের সম্পদ নয়; এটি বাংলাদেশের জাতীয় সম্পদ। বন্দরের ভবিষ্যৎ পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, রাজস্ব, কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ সরাসরি জড়িত। তাই এনসিটি ও সিসিটি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত, শ্রমিক-কর্মচারীদের স্বার্থ এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ বিবেচনায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল ও খোরশেদ আলম, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজী, বিএফটিইউসির যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল নেতা আব্দুর রউফ লিটন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
সানা/আপ্র/৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
২২ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চোর সন্দেহে আটক করে গাছে ঝুলিয়ে পিটুনির ঘট...

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
২২ নভেম্বর ২০২৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
২২ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একট...

ডাকাতির ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় হামলা, মোটরসাইকেলে আগুন
২২ নভেম্বর ২০২৬

ডাকাতির ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় হামলা, মোটরসাইকেলে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই