ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের এসডিডিবি প্রকল্পের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মজসুদ রানা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।
এ ছাড়া বক্তব্য দেন ওসমানপুর কারিতাস ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইনচার্জ সিলভিয়া রোজারিও, এসডিডিবি প্রকল্পের এনিমেটর আসুন্তা হেম্ব্রম এবং প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার সভাপতি শ্রী সজল চন্দ্র মণ্ডলসহ অন্যরা।
আলোচনা সভা শেষে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ৫০ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিকে একটি করে আম ও মেহগনি গাছের চারা দেওয়া হয়।
সানা/আপ্র/০২/১০/২০২৬