গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাওলানা ওলী উল্লাহকে ঘিরে প্রচারণার নেপথ্যে কী

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ০০:৫৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৪ এএম ২০২৬
মাওলানা ওলী উল্লাহকে ঘিরে প্রচারণার নেপথ্যে কী
ছবি

মাওলানা ওলী উল্লাহ

কুড়িগ্রামের মাওলানা ওলী উল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বিষয়ক ছবি, ফটোকার্ড, ভিডিও ও নানা মন্তব্য ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এসব প্রচারণায় তার সাবেক কর্মস্থল আত-তাহযিব আইডিয়াল মাদ্রাসা এবং বর্তমান কর্মস্থল ওহী ইন্টারন্যাশনাল স্কুলের নামও এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্ট এবং পাওয়া নথি-তথ্য যাচাই করে অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর ওলী উল্লাহ তার সাবেক কর্মস্থল আত-তাহযিব আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ও পরিচালক আরিফুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। তার দাবি, গত ১৫ জুলাই মাদ্রাসা থেকে পদত্যাগের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিভাবকসহ বিভিন্ন মহলে তার বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হচ্ছে বলে কয়েকটি সূত্রে জানতে পারেন। এ বিষয়ে আরিফুল ইসলামের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রমাণসহ আলোচনায় বসার আহ্বান জানান; সাড়া না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন বলে জানান তিনি।

অভিযোগের পর তাকে নিয়ে নারী বিষয়ক বিভিন্ন ছবি, ফটোকার্ড ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে বলে দাবি করেন ওলী উল্লাহ। তার অভিযোগ, আরিফুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে ব্যবহৃত ‘মাহমুদ আবদুল্লাহ’ নামের একটি ফেসবুক আইডি থেকে এসব কনটেন্ট প্রচার করা হয় এবং এতে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের নামও জড়ানো হয়। অনুসন্ধানে পাওয়া কিছু নথি ও তথ্যেও ওই আইডির সঙ্গে আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার অভিযোগের বিষয়টি সামনে এসেছে। তবে আইডিটির প্রকৃত ব্যবহারকারী কে, তা প্রকাশিত কনটেন্টের ভিত্তিতে নিশ্চিত করা সম্ভব নয়; এ জন্য প্রযুক্তিগত তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন।

অন্যদিকে ওলী উল্লাহর অভিযোগ অস্বীকার করেছে আত-তাহযিব আইডিয়াল মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, ওলী উল্লাহ নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আরবি শিক্ষকতার পাশাপাশি প্রতিষ্ঠানের ডিজিটাল কাজে যুক্ত থাকা ওলী উল্লাহ অতিরিক্ত পারিশ্রমিক চেয়েছিলেন; তা দেওয়া সম্ভব নয় জানানো হলে তিনি পদত্যাগ করেন। তার বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে কোনো অপপ্রচার চালানো হয়নি বলেও দাবি কর্তৃপক্ষের। ওলী উল্লাহ অবশ্য বলেন, পদত্যাগের পর প্রায় এক বছর আগের একটি বিষয় নতুন করে সামনে এনে তার ব্যক্তি চরিত্র হননের চেষ্টা চলছে। অভিযোগ সত্য হলে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত বলেও দাবি করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এক নারী ওলী উল্লাহর সঙ্গে কথিত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করেন। অনুসন্ধানী টিমের সঙ্গে কথা বলার সময় ওই নারী অভিযোগের পুনরাবৃত্তি করলেও কোনো নির্ভরযোগ্য নথি বা যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি। প্রায় সাত মাস আগের বিষয়টি এখন কেন সামনে এসেছে জানতে চাইলে তিনি জানান, কুড়িগ্রামের একটি প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে ভিডিও বক্তব্য দিতে উৎসাহিত করেছিলেন। তবে ওই ব্যক্তিদের পরিচয় ও প্রচারণার সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

ওলী উল্লাহ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রায় সাত মাস আগের বিষয়টি তখনই মীমাংসিত হয়েছিল এবং অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছিল। তার দাবি, পরিকল্পিতভাবে পুরোনো বিষয় সামনে এনে তাকে হেয় করার চেষ্টা চলছে।

তবে ওলী উল্লাহ ও নিলুফা ইয়াসমিনের মধ্যে অতীতে যোগাযোগের বিষয়টি উভয় পক্ষের বক্তব্যেই উঠে এসেছে। ওলী উল্লাহর ভাষ্য, আত-তাহযিব আইডিয়াল মাদ্রাসায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের সময় তিনি নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন। নাগেশ্বরীর পোয়াড়াডাঙ্গার নিলুফা ওই পদে আবেদন করলেও পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাননি। পরে চাকরির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেন এবং তিন থেকে চার দিন তাদের মধ্যে কথা হয়। ওলী উল্লাহর দাবি, যোগাযোগটি চাকরি সংক্রান্ত ছিল, কোনো অনৈতিক সম্পর্ক ছিল না।

অন্যদিকে নিলুফার দাবি, ওলী উল্লাহ তার বৈবাহিক বিষয় গোপন রেখে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন। তবে এ দাবির সমর্থনেও কোনো নথি বা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাদের যোগাযোগের প্রকৃতি নিয়ে দুই পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী হলেও অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রত্যক্ষ প্রমাণ মেলেনি।

এদিকে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের নাম জড়িয়ে ভিডিও ও ফটোকার্ড প্রকাশের ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানানো হয়েছে। ওলী উল্লাহর পক্ষ থেকেও সাধারণ ডায়েরি করার কথা জানা গেছে। স্কুলটির প্রিন্সিপাল মোঃ শহিদুল ইসলাম জানান, ফেক আইডি থেকে প্রকাশিত একটি ভিডিও পরে মুছে ফেলা হয়েছে এবং একটি ফটোকার্ড থেকে স্কুলের নাম সরিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট নারী ও তার পরিবারের পক্ষ থেকেও পরে দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার কথা জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সার্বিক অনুসন্ধানে ওলী উল্লাহ ও নিলুফা ইয়াসমিনের অতীত যোগাযোগের তথ্য পাওয়া গেলেও কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে ‘মাহমুদ আবদুল্লাহ’ আইডির সঙ্গে নির্দিষ্ট ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও প্রযুক্তিগতভাবে নিশ্চিত হয়নি।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণার নেপথ্যে কারা এবং তাদের উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাপ্রবাহে সাবেক কর্মস্থলকে কেন্দ্র করে তৈরি বিরোধের পর পুরোনো একটি বিষয় নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার যোগসূত্র দেখা গেলেও এর প্রকৃত কারণ নিশ্চিত হয়নি। প্রকৃত সত্য উদঘাটনে প্রকাশিত কনটেন্টের উৎস, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রযুক্তিগত তথ্য, সংশ্লিষ্ট নথি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সানা/আপ্র/২১/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরা...

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহা...

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১
২১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইলে আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই