গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২২ জুন ২০২৬

মেনু

আজ রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল

অস্ট্রিয়াকে সমীহ করছে সতর্ক আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫২ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
অস্ট্রিয়াকে সমীহ করছে সতর্ক আর্জেন্টিনা
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন, শিরোপার অন্যতম দাবিদার এবং প্রথম ম্যাচে দুর্দান্ত জয়—সব হিসাবই আর্জেন্টিনার পক্ষে। তবু অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের চোখে অস্ট্রিয়া একটি সংগঠিত, আক্রমণাত্মক এবং অত্যন্ত বিপজ্জনক দল। তাই সোমবার ডালাসে অনুষ্ঠেয় ম্যাচটিকে তিনি দেখছেন কঠিন পরীক্ষার মঞ্চ হিসেবে।

বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের ‘জে’ গ্রুপের এই লড়াইয়ে জয়ী দল প্রায় নিশ্চিত করে ফেলবে নকআউট পর্বের পথ।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে অস্ট্রিয়াও। ফলে দুই দলের লড়াইকে গুরুত্ব দিয়েই দেখছেন স্কালোনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, অস্ট্রিয়ার দলে বেশ কয়েকজন মানসম্পন্ন ফুটবলার রয়েছেন। তারা উচ্চ গতিতে খেলে, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে এবং আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী। তাদের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না।

স্কালোনি বলেন, “অস্ট্রিয়ার খুব ভালো কিছু ফুটবলার আছে। তারা দুর্দান্ত একটি দল। উচ্চচাপে খেলে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরা জানি, তাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। ম্যাচটি অনেক জটিল হবে।”

তিনি আরও বলেন, “দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। ফলে ম্যাচটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, বিশেষ করে গ্রুপ পর্বের ম্যাচগুলো।”

এবারের বিশ্বকাপে তুলনামূলক ছোট বা কম পরিচিত দলগুলোর লড়াকু পারফরম্যান্সও উল্লেখ করেন স্কালোনি। তাঁর মতে, কাগজে-কলমে শক্তির পার্থক্য থাকলেও মাঠে প্রতিটি ম্যাচই কঠিন হয়ে উঠছে। তবে শেষ পর্যন্ত বড় দলগুলোই টিকে থাকবে বলে বিশ্বাস তাঁর।

আর্জেন্টিনা প্রথম ম্যাচে বড় জয় পেলেও নিজেদের সীমাবদ্ধতার কথা ভুলে যাচ্ছেন না বিশ্বকাপজয়ী এই কোচ। আলজেরিয়ার বিপক্ষে জয়ের পরও দলের ভুল-ত্রুটি বিশ্লেষণ করে খেলোয়াড়দের সামনে তুলে ধরেছেন তিনি।

“প্রত্যেক দলের মতো আমাদেরও দুর্বলতা আছে। প্রথম ম্যাচে ভালো খেললেও কোথায় কী ভুল হয়েছে, তা আমরা বিশ্লেষণ করেছি। আশা করি, প্রতিপক্ষ সেগুলো কাজে লাগাতে পারবে না,” বলেন স্কালোনি।

তবে ম্যাচের আগে শুধু আর্জেন্টিনাই নয়, প্রতিপক্ষকেও সমীহ করছে অস্ট্রিয়া। কোচ রালফ রাংনিক সরাসরি স্বীকার করেছেন, আর্জেন্টিনার কোনো স্পষ্ট দুর্বলতা তাঁর চোখে পড়েনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আর্জেন্টিনার দুর্বলতা নিয়ে কথা বলতে গেলে বলতে হয়, তেমন কিছু আমরা খুঁজে পাইনি। তাদের দলে অসাধারণ দক্ষতা, গতি, কৌশল এবং স্কোয়াডের গভীরতা রয়েছে।”

তবু আশা ছাড়ছেন না অভিজ্ঞ এই জার্মান কোচ। তাঁর বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে অঘটন ঘটানো সম্ভব।

রাংনিক বলেন, “আমাদের কৌশলগতভাবে নিখুঁত হতে হবে, একই সঙ্গে সাহসীও হতে হবে। সম্ভবত আমার অধীনে এটাই দলের সেরা পারফরম্যান্স হতে হবে। সব প্রতিকূলতার বিরুদ্ধে খেলতে যাচ্ছি, কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব।”

অস্ট্রিয়ার গোলকিপার আলেকজান্ডার শ্লাগারও ম্যাচের আগে আলোচনায় এসেছেন। নিজেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত হিসেবে পরিচয় দিলেও লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি।

শ্লাগার বলেন, “আমি হয়তো রোনালদোর ভক্ত, কিন্তু মেসি দীর্ঘদিন ধরে অবিশ্বাস্য উচ্চতায় খেলছেন। তাঁর বিরুদ্ধে কিছু বলা ধৃষ্টতা হবে। মাঠে তাঁর উপস্থিতি পুরো দলকে অনুপ্রাণিত করে। তাঁকে থামানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করা ৩৮ বছর বয়সী মেসির দিকে তাই থাকবে বিশেষ নজর। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ১৬। টুর্নামেন্টের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়তে প্রয়োজন আর মাত্র একটি গোল।

তবে রাংনিক মনে করিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা মানেই শুধু মেসি নয়। তাঁর ভাষায়, “প্রতিটি পজিশনেই তাদের অসাধারণ খেলোয়াড় রয়েছে। আর্জেন্টিনা শুধু মেসির চেয়েও অনেক বেশি কিছু।”

এদিকে স্কালোনি বিশ্বকাপে চালু হওয়া বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ নিয়েও কথা বলেছেন। তাঁর মতে, দুই অর্ধে পানীয় বিরতির কারণে ম্যাচের স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হচ্ছে এবং এতে তুলনামূলক দুর্বল দলগুলো নিজেদের ভুল শুধরে নেওয়ার অতিরিক্ত সুযোগ পাচ্ছে।

তবে তিনি এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে খেলোয়াড় ও কোচরা এই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেবেন।

ডালাসের এই লড়াই তাই শুধু দুই দলের শক্তির পরীক্ষা নয়, বরং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আর অস্ট্রিয়ার জন্য এটি বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুবর্ণ সুযোগ।
সানা/আপ্র/২২/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে মিসরের ঐতিহাসিক জয়
২২ জুন ২০২৬

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে মিসরের ঐতিহাসিক জয়

অপেক্ষাটা ছিল দীর্ঘ ৯২ বছরের। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে ১৯৩৪ সালে বিশ্বমঞ্চ...

অস্ট্রিয়া পরীক্ষায় স্কালোনির নতুন সমীকরণ
২১ জুন ২০২৬

অস্ট্রিয়া পরীক্ষায় স্কালোনির নতুন সমীকরণ

কানসাস সিটির আলো ঝলমলে রাতের পর এখন আর্জেন্টিনার চোখ অস্ট্রিয়া চ্যালেঞ্জে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখ...

মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন
২১ জুন ২০২৬

মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন

  রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তাটি এখন আর কেবল একটি সা...

টি-টোয়েন্টিতে এবার হোয়াইটওয়াশ বাংলাদেশ
২১ জুন ২০২৬

টি-টোয়েন্টিতে এবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

মিরপুরে ওয়ানডে সিরিজে যে বাংলাদেশকে দেখা গিয়েছিল আত্মবিশ্বাসী ও আগ্রাসী, চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই