গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৮ এএম ২০২৬
পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। তবে ছয় দিন পরই অবস্থান বদলে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

৯ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ট্রাম্প লেখেন, ‘কেউ কি সত্যিই বিশ্বাস করেন, এই নির্বাচন সুষ্ঠু ছিল? জরিপের ফল এত ভুল হলো কীভাবে?’

আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, আগাম ভোট গণনার বড় একটি অংশ এমনভাবে প্রকাশ করা হয়েছে, যাতে যত মানুষই ভোট দেন না কেন, জয় পাওয়া অসম্ভব ছিল। ভোটারের চেয়ে ভোট গণনার যন্ত্রের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রথমে পরাজয় মেনে নিয়েছিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর শুরুতে সংযত প্রতিক্রিয়া জানিয়েছিলেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের নির্বাচনি প্রচারণার প্রশংসাও করেছিলেন তিনি।

নির্বাচনের রাতে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।

পরে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও ডেমোক্র্যাটদের নির্বাচনি প্রচারণার প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে।

তবে কয়েক দিনের মধ্যেই তাঁর অবস্থান বদলে যায়। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আলাস্কার নির্বাচন নিয়েও আপত্তি

এর আগে গত বৃহস্পতিবার আলাস্কার সিনেট নির্বাচনের ফল নিয়েও আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। সেখানে দুই ছোট দলের প্রার্থীদের পাওয়া ভোট পিছিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী ড্যান সুলিভানের পক্ষে দেওয়ার দাবি জানান তিনি। ট্রাম্পের ভাষ্য, এটিই একমাত্র ন্যায্য সমাধান।

তবে আলাস্কার নির্বাচনি আইনে ভোটারদের পছন্দক্রম অনুযায়ী ভোট গণনার ব্যবস্থা রয়েছে। এই পদ্ধতি ‘র‍্যাঙ্কড-চয়েস ভোটিং’ নামে পরিচিত।

এ পদ্ধতিতে ভোটাররা প্রার্থীদের পছন্দের ক্রমানুসারে ভোট দেন। প্রথম পছন্দের প্রার্থী প্রয়োজনীয় সমর্থন না পেলে পরবর্তী পছন্দের ভোট গণনায় যুক্ত হতে পারে।

এ নিয়ে বিতর্কের মধ্যেই এবার পুরো দেশের নির্বাচনব্যবস্থা নিয়েই প্রশ্ন তুললেন ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনি অভিযোগের পুনরাবৃত্তি

ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগ ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছে। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প। তবে পরাজয় মেনে না নিয়ে তিনি অভিযোগ করেছিলেন, নির্বাচনে কারচুপি করে তাঁকে হারানো হয়েছে।

এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনি ফল চ্যালেঞ্জ করে করা তাঁর কয়েক ডজন আইনি উদ্যোগও সফল হয়নি।

২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালান। ওই হামলার পেছনে ২০২০ সালের নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের প্রচারিত অভিযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ডেমোক্র্যাটদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ট্রাম্পের অভিযোগের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেন, ট্রাম্পের আবারও নির্বাচনের ফল অস্বীকার করার প্রবণতা ছিল প্রত্যাশিত।

তিনি বলেন, ট্রাম্প যতই অভিযোগ করুন না কেন, একটি সত্য বদলাবে না। তাঁর প্রেসিডেন্সির বাকি দুই বছর কংগ্রেসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হতে হবে তাঁকে।

শুমারের ভাষায়, ট্রাম্পের ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

জরিপেও এগিয়ে ছিল ডেমোক্র্যাটরা

নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের ভালো করার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে দলটির জয়ের ব্যবধান কতটা বড় হবে, তা জরিপগুলোতে পুরোপুরি উঠে আসেনি। নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় প্রত্যাশার চেয়েও বড় হয়েছে।

দেশজুড়ে নির্বাচনি কর্মকর্তারা ভোট গ্রহণের প্রক্রিয়াকে মোটামুটি নির্বিঘ্ন বলে জানিয়েছেন। বড় ধরনের কোনো নির্বাচনি বিশৃঙ্খলার তথ্যও সামনে আসেনি।

নিজ দলের পরাজয়ের জন্য এর আগে নির্বাচনে নিজের নাম না থাকাকে দায়ী করেছিলেন ট্রাম্প। যদিও প্রচারণার সময় সমর্থকদের বারবার নিজেদের মতো করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

এ ছাড়া ইরানের সঙ্গে অজনপ্রিয় যুদ্ধের প্রভাবও রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ছিল বলে স্বীকার করেছিলেন ট্রাম্প। ওই যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হয়েছিল।

সূত্র: এএফপি

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন...

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
১০ নভেম্বর ২০২৬

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্...

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী
১০ নভেম্বর ২০২৬

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী

পুরোনো আসবাব কেনার সময় তার ভেতরে মূল্যবান কোনো সম্পদ লুকিয়ে থাকতে পারে—এমনটা সচরাচর কেউ ভাবেন না। তব...

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ
০৯ নভেম্বর ২০২৬

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে যাওয়ার শর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই