কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস। একই সঙ্গে প্রতিষ্ঠানের কিছু দাপ্তরিক কাজ ভারতের পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের কাছে হস্তান্তর করা হবে। ২০২৭ সালের মাঝামাঝি থেকে প্রথম ধাপে কর্মী ছাঁটাই শুরু হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কর্মীদের পাঠানো এক বার্তায় কোয়ান্টাসের প্রধান নির্বাহী ভেনেসা হাডসন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী কয়েক বছরে ধাপে ধাপে এসব কর্মী ছাঁটাই করা হবে। প্রতিষ্ঠানের মোট ২৮ হাজার কর্মীর মধ্যে প্রায় ৩ শতাংশ এ সিদ্ধান্তের আওতায় পড়বেন।
প্রথম ধাপে অর্থ, ক্রয়, মানবসম্পদ ও বিপণন বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন। কিছু কাজ ভারতের অ্যাকসেঞ্চারের কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা কাজে লাগিয়ে ব্যয় কমানো ও প্রতিষ্ঠানের কার্যক্রম সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার সার্ভিসেস ইউনিয়ন। তাদের অভিযোগ, আগে বিদেশে চাকরি স্থানান্তর না করার আশ্বাস দিয়েছিল কোয়ান্টাস। যদিও ইউনিয়নকে এমন কোনো আশ্বাস দেওয়ার কথা অস্বীকার করেছে বিমান সংস্থাটি।
সূত্র: রয়টার্স
এসি/আপ্র/১০/১১/২০২৬